ছাত্রীকে খালি বাড়িতে ডেকে ফ্রি'তে পড়ানোর প্রস্তাব, ফোনে হেনস্থা!রাতে ফোনে ছাত্রীকে বিরক্ত করা থেকে শুরু করে, একা বাড়িতে পড়ানোর জন্য ডাকা- শিক্ষকের কাণ্ডে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার গোবরডাঙায়। যৌন হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভের মুখে পড়তে হল গোবরডাঙার হিন্দু কলেজের অভিযুক্ত গেস্ট লেকচারার সন্দীপ দত্তকে। তাকে জুতোর মালা পরানো, ঝাঁটা দিয়ে মারধর এবং ডিম ছুড়ে 'শাস্তি' দিল পড়ুয়ারা। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
জানা গিয়েছে, সন্দীপ দত্ত হিন্দু কলেজে ভূগোল বিভাগের গেস্ট লেকচারার হিসেবে চাকরি করতেন। অভিযোগ তিনি, একাধিক ছাত্রীকে নানা আপত্তিকর মন্তব্য করতেন এবং নানা ভাবে তাঁদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন।
এক ছাত্রী অভিযোগ জানান, অভিযুক্ত অধ্যাপক তাঁকে ফোন করে নিয়মিত বিরক্ত করতেন। পাশাপাশি ফ্রি'তে নিজের বাড়িতে একা পড়ানোর প্রস্তাব দিয়ে ‘ভালো সম্পর্ক’ গড়ে তোলার কথা বলতেন। ছাত্রী জানান, তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বলেন, ক্লাসে পড়ানো বিষয় তিনি ভালোভাবেই বুঝতে পারেন, তাই আলাদা টিউশনের প্রয়োজন নেই।
আর এরপরেই স্বরূপ ধারণ করে সন্দীপ। অভিযোগকারী ছাত্রীর দাবি, সম্প্রতি অধ্যাপক তাঁকে হুমকি দেন, তিনি যদি তাঁর বাড়িতে পড়তে না যান, তাহলে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে। এরপরই তিনি গোবরডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ছাত্রী জানান, বিষয়টি কলেজের সিনিয়র ছাত্রছাত্রীদেরও জানানো হয়। এরপর তাঁরা অভিযুক্ত অধ্যাপককে ঘিরে বিক্ষোভ দেখান, তাঁকে হেনস্তা করেন এবং ডিম ছোড়েন। পরে গোবরডাঙা থানার পুলিশ অভিযুক্তকে আটক করে। লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তাঁকে গ্রেফতার করা হয়েছে।