চতুর্থীতে কলকাতায় বৃষ্টিরাজ্য থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায়ের পর্ব শুরু হয়ে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ১৪ অক্টোবর দক্ষিণ–পশ্চিম মৌসুমী বায়ুর অন্তিম রেশটুকু বাংলা মাটি থেকে বিদায় নেবে। এদিকে ঢাকের বাদ্যি বেজে গিয়েছে। মহালয়া এবং প্রতিপদে শহরের বেশ কিছু পুজো প্যান্ডেলের উদ্বোধন হয়ে গিয়েছে। পুজোর আনন্দে মেতে উঠতে ধীরে ধীরে পথে বাড়ছে মানুষের ঢল। তবে, পুজোর এই আনন্দে কি কাঁটা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি? কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর? চলুন জেনে নেওয়া যাক আপডেট-
হাওয়া অফিস কী বলছে?
রাজ্য থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর বিদায়ের পর্ব শুরু হলেও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলায়। তবে আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা না থাকলেও আগামী কয়েক দিনে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাস। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। তবে আগামী বুধবার অর্থাৎ চতুর্থী থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
বর্ষা বিদায় নিয়ে হাওয়া অফিসের বক্তব্য
আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, রাজ্যের বেশিরভাগ অঞ্চল থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিয়েছে । উত্তরবঙ্গের সমস্ত জেলা থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা থেকে বর্ষা বিদায় নিয়েছে । শুধুমাত্র দক্ষিণবঙ্গের পূর্ব-পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া জেলার কিছু অংশতে মৌসুমী বায়ুর উপস্থিতি রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী কয়েকদিন যেমন থাকবে
আগামী দু-তিন দিনের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে । ১৪ অক্টোবর বুধবার অর্থাৎ চতুর্থীর দিন দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা ও ঝাড়গ্রাম জেলার এক দুই জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ১৫ ও ১৬ অক্টোবর অর্থাৎ, বৃহস্পতি ও শুক্রবার মানে পঞ্চমী ও ষষ্ঠীতে উপকূল অঞ্চলের জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ৷ ১৭ অক্টোবর শনিবার অর্থাৎ প্রথম সপ্তমীর দিন বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা থাকছে ৷ ১৮ অক্টোবর রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে সোমবার অষ্টমী থেকে বুধবার দশমী পর্যন্ত বৃষ্টির আর তেমন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গে ১৫ অক্টেবর অর্থাৎ, বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিনই শুষ্ক আবহাওয়া থাকবে । ১৬, ১৭ ও ১৮ অক্টোবর অর্থাৎ, শুক্র-শনি ও রবিবার উপরের পাঁচটি জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে উত্তরবঙ্গেও অষ্টমী থেকে বৃষ্টির আর তেমন কোনও সম্ভাবনা নেই।
কলকাতার আবহাওয়া কেমন থাকবে?
মঙ্গলবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দিনভর আর্দ্রতার কারণে অস্বস্তি অনুভূত হতে পারে। তবে আজ বৃষ্টির পূর্বাভাস নেই। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ১৪,১৫ ও ১৬ অক্টোবর অর্থাৎ, বুধ-বৃহস্পতি ও শুক্রবার কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা থাকবে ।
সব মিলিয়ে, পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত রাজ্যজুড়ে টানা বৃষ্টি বা বড়সড় দুর্যোগের কোনও স্পষ্ট ইঙ্গিত দেয়নি আবহাওয়া দফতর।