Weather Latest Update: বাংলা থেকে বর্ষা বিদায় কি পুজোর আগে? হাওয়া অফিসের আপডেট

সোমবার থেকে শুরু হতে চলা নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। তবে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া, চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

Advertisement
বাংলা থেকে বর্ষা বিদায় কি পুজোর আগে? হাওয়া অফিসের আপডেটপুজোয় বৃষ্টি হবে? হাওয়া অফিসের আপডেট


দুর্গাপুজোর আগে স্বস্তির খবর শোনাল হাওয়া অফিস। দিন কয়েকের মধ্যেই রাজ্য থেকে বিদায় নিতে পারে বর্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষার বিদায়ের প্রক্রিয়া শুরু হতে পারে। এই পরিস্থিতিতে সোমবার থেকে শুরু হতে চলা নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। তবে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই কোথাও। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া, চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

বর্ষা বিদায় কবে?
বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি ক্রমশ তৈরি হচ্ছে বাংলায়। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে। হাওয়া অফিস বলছে,  রাঁচি, রায়পুর এবং বারামতির উপর দিয়ে রয়েছে বর্ষা বিদায় রেখা। বিহার, ঝাড়খন্ডের কিছু  এলাকাতেও বর্ষা বিদায় শুরু হয়েছে। ছত্তীসগঢ় এবং মহারাষ্ট্রের কিছু এলাকা থেকেও বর্ষা বিদায় নিচ্ছে। বাংলায় বর্ষা বিদায়ের পর্ব অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে। পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন বিহারে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। 

পুজোয় কেমন আবহাওয়া?
আবহাওয়া দফতর জানিয়েছে, বর্ষা বিদায়ের অন্যতম লক্ষণ হল টানা কয়েক দিন বৃষ্টিহীন আবহাওয়া, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কমে যাওয়া এবং উত্তর ভারতের দিক থেকে অপেক্ষাকৃত শুষ্ক হাওয়া প্রবেশ করা। মহালয়ার আগে বড় কোনও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বাংলা থেকে বর্ষার বিদায়পর্ব শুরু হয়ে যেতে পারে। সাধারণত টানা তিন-চার দিন বৃষ্টিহীন পরিবেশ, বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কমে যাওয়া এবং উত্তর ভারতের দিক থেকে হাওয়া ঢোকাকে বর্ষা বিদায়ের মূল লক্ষণ হিসেবে ধরা হয়। তবে পুজোর দিনগুলিতে আবহাওয়া ঠিক কেমন থাকবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে পুজো এবার কিছুটা দেরিতে হওয়ায় উৎসবের দিনগুলিতে বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বলেই মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।

Advertisement

এই সপ্তাহে দক্ষিণবঙ্গের আবহাওয়া
আজ রবিবার হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা থাকবে অন্য জেলাতেও। সোমবার থেকে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। বৃষ্টির সম্ভাবনাও তুলনামূলকভাবে কম থাকবে। কোনও জেলার দু'এক জায়গায় হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। তবে বাড়বে জলীয় বাষ্প জনিত অস্বস্তি। তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত আবহাওয়া বেশিরভাগ সময় শুকনো থাকার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের পরিস্থিতি
আগামী সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমতে পারে। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। রবিবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। সোমবার থেকে শনিবার বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে।

কলকাতার আবহাওয়া
আজ শহরে বিক্ষিপ্ত বৃষ্টির খুব সামান্য হলেও সম্ভাবনা থাকবে। আজ মূলত আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে মেঘলা আকাশের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার থেকে শনিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বর্ষা বিদায়ের পরিস্থিতি তৈরি হবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকবে। সেই কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে। আজ  সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৬ ডিগ্রি।   শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। আপেক্ষিক আর্দ্রতা ৭৩ থেকে ৮৮ শতাংশের মধ্যে থাকায় বৃষ্টি কমলেও ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকতে পারে। আগামী কয়েকদিনে তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। ভোরের দিকে সামান্য ঠান্ডার আমেজ অনুভূত হতে পারে, তবে দিনের বেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।

POST A COMMENT
Advertisement