বাড়ল কলকাতার তাপমাত্রাকালীপুজোয় শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রিতে নেমে গিয়েছিল। কিন্তু নতুন সপ্তাহের শুরুতেই ফের হাওয়া বদল। শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৫ ডিগ্রি বেশি। হাওয়া অফিস বলছে, সোমাবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের নামতে পারে বৃষ্টি। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।
ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে
হাওয়া অফিস বলছে, আজ থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটছে বাংলায়। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোন গুরুত্বপূর্ণ সিস্টেম নেই। তবে দক্ষিণ-পূর্ব বাংলাদেশে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তর-পূর্ব বিহারে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর জেরেই আংশিক মেঘলা থাকবে আকাশ। আবার কোথাও পুরো মেঘলা আকাশ দেখা যাবে। আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়বে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় অস্বস্তি হবে কলকাতা সহ সংলগ্ন কিছু এলাকায়। এই দুই ঘূর্ণাবর্তের জেরেই বাংলায় বৃষ্টির সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে।
দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি?
হাওয়া অফিস জানিয়েছে, সোমবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বাড়তে পারে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলের কাছাকাছি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের অধিকাংশ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে পারে। হাওয়া অফিস বলছে, বুধবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে। জলীয় বাষ্পের কারণে কিছু এলাকায় অস্বস্তিকর আবহাওয়া হতে পারে।
উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গেও এই সপ্তাহে বৃষ্টির পরিমাণ ও তীব্রতা বাড়তে পারে। । সোমবার মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি—এই পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে। উত্তরবঙ্গে আগামী দুই তিন দিন তাপমাত্রা বাড়বে। উইকেন্ডে ফের তাপমাত্রা কমতে পারে।
কলকাতার আবহাওয়া
আজ সোমবার শহরের আবহাওয়ার পরিবর্তন ঘটছে। আংশিক মেঘলা থাকবে আকাশ। জলীয়বাষ্প জনিত অস্বস্তি বাড়তে পারে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে। মেঘলা আকাশের কারনে দিনের তাপমাত্রা কম থাকলেও বাড়বে রাতের তাপমাত্রা। বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে মঙ্গলবার। বৃহস্পতিবার থেকে বৃষ্টি কমলেও আগামী কয়েক দিন তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে সপ্তাহান্তে ফের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।