Bengal Weekly Rain Alert: রেড অ্যালার্ট এই সব জেলায়, মঙ্গল থেকে বাড়বে বৃষ্টি, আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর বর্তমানে একটি নিম্নচাপ অবস্থান করছে। একই সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে।

Advertisement
 রেড অ্যালার্ট এই সব জেলায়, মঙ্গল থেকে বাড়বে বৃষ্টি, আবহাওয়ার আপডেটনতুন সপ্তাহে কেমন থাকছে ২৩ জেলার আবহাওয়া?

রবিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে শহর কলকাতায়। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করায় সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা। ফলে  কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। অন্য দিকে, উত্তরবঙ্গেও  দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার ২৩টি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট। 

হাওয়া অফিস কী বলছে?
 আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ওড়িশা এবং সংলগ্ন ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর বর্তমানে একটি নিম্নচাপ অবস্থান করছে। একই সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপটি কিছুটা শক্তি হারাতে পারে।  পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সংলগ্ন অঞ্চলে থাকা নিম্নচাপটি দুর্বল হলেও তার প্রভাবে রাজ্যে বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় রয়েছে। এর পাশাপাশি সক্রিয় দক্ষিণ পশ্চিম মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। এ ছাড়া, বর্ষাকালীন অক্ষরেখা পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্ত দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে। এর ফলে সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। 

দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন আবহাওয়া?
আবহাওয়া দফতর বলছে, নতুন  সপ্তাহে বৃষ্টি আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, নতুন সপ্তাহে বিশেষ সতর্কতা রয়েছে উপকূলের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গ জুড়ে ২১ জুলাই অর্থাৎ মঙ্গলবার থেকে বৃষ্টি ফের বাড়তে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া এই সব জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যার কারণে জারি হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় বহাল থাকবে অস্বস্তি।

Advertisement

উত্তরবঙ্গের পরিস্থিতি
 উত্তরবঙ্গে নতুন সপ্তাহে  প্রবল দুর্যোগের লাল সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে রবিবার অতিপ্রবল বৃষ্টি (২০ সেন্টিমিটারের বেশি) হতে পারে। এই চার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহারে ভারী থেকে অতিভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরেও। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বর্ষণ চলবে সোমবারও। সোমবার অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। মঙ্গলবারের পর থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। মালদা, দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার দিন। বৃষ্টির জেরে ইতিমধ্যেই বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে উত্তরবঙ্গের একাধিক নদীর জল। নীচু এলাকায় প্লাবন এবং পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই কারণে বিশেষ ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে উত্তরবঙ্গের বাসিন্দাদের।

কলকাতা নিয়ে পূর্বাভাস
রবিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ শহর কলকাতার। হালকা থেকে মাঝারি বৃষ্টিও শুরু হয়েছে কলকাতার একাংশে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি হলেও বজায় থাকবে অস্বস্তিকর গরম। তবে নতুন সপ্তাহ থেকে বাড়তে পারে বৃষ্টির দাপট। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।

 

POST A COMMENT
Advertisement