কলকাতা সহ কোন কোন জেলাতে বৃষ্টির পূর্বাভাস?কলকাতা-সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবারও। ইতিমধ্যে হাওয়া অফিস ১২ জেলাতে সতর্কতা জারি করেছে। নিম্নচাপের প্রভাবেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে। এই পরিস্থিতিতে চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে কেমন থাকবে রাজ্যের ২৩ জেলার আবহাওয়া, চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
হাওয়া অফিস কী বলছে?
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্তও। তারজন্য দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ আজ বিকেল থেকে রাতের মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ৯ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
দক্ষিণবঙ্গে আগামী দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া?
সোমবার রাত থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়, যা মঙ্গলবারও সেই ধারা বজায় ছিল। তবে হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। শুক্র ও শনিবার বিক্ষিপ্তভাবে বজবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। রবিবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামিকাল, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়ায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির দাপট বাড়বে। একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এই দু'দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সর্তকতা রয়েছে। শুক্রবার পশ্চিম বর্ধমান, বীরভূমে এবং শনিবার হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, রবিবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী তিনদিন উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। উইকেন্ডে শনিবার এবং রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
কলকাতায় বৃষ্টি
আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে বৃষ্টি হতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম।