আগামী ৫ দিন কেমন থাকবে বাংলার ২৩ জেলার আবহাওয়া?আশ্বিন মাস শুরু হয়ে গিয়েছে। আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। আয়োজন চলছে জোরকদমে। কয়েক দিনের নিম্নচাপের বৃষ্টির পর ধীরে ধীরে বদলাচ্ছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। ভারতীয় আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। তবে দুর্যোগের মেঘ যেন কাটছে না। কারণ, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মায়ানমার উপকূলে নতুন করে নিম্নচাপ তৈরি হয়েছে। এই নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়েছে। এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। গভীর নিম্নচাপটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এতে বাংলার উপকূল অঞ্চলে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।
নিম্নচাপের বর্তমান অবস্থান
বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। দক্ষিণ মায়ানমার উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর আন্দামান সাগরে পৌঁছেছে। মঙ্গলবার ভোররাত থেকে সেটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোতে শুরু করেছে। বৃহস্পতিবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে পৌঁছে সিস্টেমটি আরও শক্তিশালী হয়ে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হতে পারে। IMD জানাচ্ছে, মায়ানমারের উপকূলীয় অঞ্চলের ওপর অবস্থানরত গভীর নিম্নচাপটি গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ২৮ কিলোমিটার গতিতে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আজ, ২৯ সেপ্টেম্বর ২০২৬-এ ভারতীয় সময় ভোর ৫টা ৩০ মিনিটে এটি মায়ানমার এবং সংলগ্ন পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপর (১৮.৯° উত্তর অক্ষাংশ ও ৯৬.০° পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি) অবস্থান করছিল। এই অবস্থানটি ছিল মায়ানমারের টাউঙ্গু (Toungoo) থেকে ৫০ কিমি পশ্চিমে, পিয়াই (Pyay) থেকে ৮০ কিমি পূর্বে, বাগোর (Bago) থেকে ১৮০ কিমি উত্তর-উত্তরপশ্চিমে, কাইকটো (Kyaikto) থেকে ২১০ কিমি উত্তর-উত্তরপশ্চিমে এবং ইয়াঙ্গুন (Yangon) থেকে ২৪০ কিমি উত্তর-পূর্ব দিকে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ, ২৯ সেপ্টেম্বর সন্ধ্যার নাগাদ মায়ানমার এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বাংলাদেশ ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে এটি দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং মায়ানমার, মিজোরাম, ত্রিপুরা ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের সংলগ্ন এলাকাগুলোর দিকে উত্তর-উত্তরপশ্চিমমুখী গতিপথ বজায় রেখে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব নেই বাংলায়। আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে।
বাংলার আবহাওয়া কেমন থাকবে?
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে গত সপ্তাহ জুড়ে একটানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। তবে এবার আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জানানো হয়েছে, রোদ ঝলমলে আকাশ দেখা যাবে আপাতত বঙ্গে। আলিপুর জানিয়েছে, মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে তার জন্য বিশেষ কোনও সতর্কতা জারি করেনি হাওয়া অফিস। পুজোর মুখে এই আবহাওয়ার পূর্বাভাস স্বস্তি দেবে বাঙালিকে। আপাতত সকাল-বিকেল যাঁরা কেনাকাটা করতে বেরোচ্ছেন তাঁরাও খুশি হবেন। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব ক্রমশ কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সার্বিকভাবে পুজোর আগে পশ্চিমবঙ্গে আপাতত ভারী বৃষ্টির দাপট কমার ইঙ্গিত মিলছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। ২৯ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার থেকে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকায় আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি হলেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে, দিনের বেলায় আদ্রর্তা বাড়ার কারণে ভ্যাপসা গরমে অস্বস্তি হতে পারে। মঙ্গলবার সকাল থেকে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় রোদ ঝলমলে আকাশ দেখা যেতে পারে। আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গে এমনই আবহাওয়া বজায় থাকবে।
উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। IMD-র পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে ১ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে এই সময়ে উত্তরবঙ্গের কোনও অংশেই বড় ধরনের আবহাওয়া সতর্কতা জারি নেই। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার-সহ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা নিয়ে পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শহরের আকাশ মূলত পরিষ্কার থাকবে এদিন। কখনও কখনও আকাশ মূলত মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকার কারণে ভ্যাপসা গরম থাকবে দিনের বেলায়। কলকাতাতে আগামী কয়েক দিন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩–৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।