এই সপ্তাহে কোথায় কেমন থাকবে আবহাওয়া?গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ প্রায় সব জেলাতেই বৃষ্টির সতর্কতা রয়েছে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা এবং দক্ষিণ বাংলাদেশ ও উত্তর-পূর্ব বিহারে জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রথযাত্রার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাপকতা আরও বৃদ্ধি পাবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। এই সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।
বৃষ্টি বাড়বে এই সপ্তাহে
হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার হয়ে বর্ষাকালীন অক্ষরেখা এখন অসমের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিস্তৃত। উত্তর-পূর্ব বিহার এবং আশপাশের অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে তা ৩.১ কিলোমিটার উঁচুতে। এ ছাড়া, বাংলাদেশের উপর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তার উচ্চতা ৫.৮ কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। তাই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে কোন দিন কেমন বৃষ্টি?
আগামী ৬-৭ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং নদিয়ায়। এ ছাড়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি সব জেলাতেই কমবেশি বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। দক্ষিণবঙ্গে আজ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে।ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতা,উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি , নদিয়া , বীরভূমে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। মঙ্গলবার এবং বুধবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। রথযাত্রার দিন ফের বাড়বে বৃষ্টি। বৃহস্পতিবার, অর্থাৎ রথযাত্রার দিন, দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সেদিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। কলকাতাতেও মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। এ ছাড়া, হাওড়ায় শুক্রবার, দুই ২৪ পরগনায় বৃহস্পতিবার এবং শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় সপ্তাহান্তে ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের পরিস্থিতি
উত্তরবঙ্গে আরও কিছু দিন ভারী বৃষ্টি চলবে। আজ দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরের জলীয় বাষ্পের বিপুল সরবরাহ এবং জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে প্রবল বৃষ্টির কবলে উত্তরবঙ্গের পার্বত্য ও সমতল এলাকা। সোমবার থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির (Heavy Rain) সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। তবে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। শুক্রবার কালিম্পং জেলায় ফের ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। পাশাপাশি পাহাড়ে ভূমিধসের আশঙ্কা রয়েছে। শুক্রবারের পর থেকে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতার আবহাওয়া
আজ, সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও, বৃহস্পতিবার রথযাত্রা এবং শুক্রবার ফের বৃষ্টির দাপট বাড়তে পারে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৯ ডিগ্রি কম।