সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ কমবে? হাওয়া অফিসের আপেডট জানুন
রাতভর বৃষ্টি চলেছে। সকালেও বৃষ্টি অব্যাহত কলকাতা সহ জেলায় জেলায়। সপ্তাহান্তেও বৃষ্টি চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক আপডেট।
হাওয়া অফিস কী বলছে?
বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করায় আগামী সাত দিন রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস বলছে, সক্রিয় মৌসুমী অক্ষরেক্ষা বর্তমানে রয়েছে রাজস্থান থেকে দিঘা হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। আর সাগরের উপর আর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা । উত্তরবঙ্গের পার্বত্য ও সংলগ্ন জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। ভারতীয় মৌসম বিভাগের (IMD)-এর পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গে নিয়ে পূর্বাভাস
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় আগামী সাত দিন আকাশ মূলত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে এক বা একাধিক দফায় বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুলেটিন অনুযায়ী, এদিন ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাতেও। শুক্রবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়ায়। শনিবারেও বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কমবে ব্যাপকতা। রবিবার এবং সোমবার বৃষ্টির কোনও সতর্ক বার্তা নেই দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের পরিস্থিতি
এদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গে কোনও সতর্কবার্তা নেই। বৃষ্টির সম্ভাবনা আরও কমবে উত্তরবঙ্গে। তবে আগামী মঙ্গলবার ও বুধবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বাকি জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্ভাবনা নেই।
কলকাতায় বৃষ্টি
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শহরে মূলত মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে দফায়-দফায় হালকা মাঝারি বৃষ্টি হবে। সপ্তাহের শেষে বৃষ্টির পরিমাণ কমবে।
সব মিলিয়ে, আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গে বর্ষা সক্রিয় থাকবে। দক্ষিণবঙ্গে প্রায় প্রতিদিনই দফায় দফায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।