আগামী ৭ দিন কেমন থাকবে ২৩ জেলার আবহাওয়া?আজ রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস। বাংলাজুড়েই শীতের আমেজ। ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতন হয়েছে গত দু’দিনে। তবে এর মধ্যেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ। নতুন সপ্তাহে যা শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ফলে শীত শীত ভাবে বাধা আসত পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ফের ঝড়বৃষ্টি হবে সোমবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে। ভিজতে পারে কলকাতাও। কেমন থাকবে আগামী দিনগুলিতে বাংলার ২৩ জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।
হাওয়া অফিস কী জানাচ্ছে?
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপইতিমধ্যেই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস, সোমবার নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। এর পর আরও শক্তি সঞ্চয় করে মঙ্গলবার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড় শেষ পর্যন্ত কোন রাজ্যের উপকূলের দিকে অগ্রসর হবে কিংবা কোথায় আছড়ে পড়তে পারে, তা এখনও স্পষ্ট নয়। এমনকী, পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব কতটা পড়বে, সে বিষয়ে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও পূর্বাভাস দেওয়া হয়নি আবহাওয়া দফতরের তরফে। আপাতত পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন আবহাওয়াবিদরা। আপাতত সমুদ্র উত্তাল হওয়ার সতর্কতা জারি করা হয়েছে বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায়। আগামী কয়েক দিনের মধ্যেই ঝড়ের গতিপথ স্পষ্ট হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়ার বিভিন্ন মডেলের অনুমান, এই ঘূর্ণিঝড় অর্ণব এবং মুরাসুর মতই অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অভিমুখ এই ঘূর্ণিঝড়ের। বিশাখাপত্তনম ও বিজয়ওয়াড়ার মধ্যে এই ঘূর্ণিঝড় ‘আকভান’ স্থলভাগে আছড়ে পড়তে পারে।
বাংলার ওপর কতটা প্রভাব?
নতুন ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে ‘আকভান’। নামটি দিয়েছে ইরান। পারস্যের লোককথা এবং মহাকাব্য ‘শাহনামা’য় ‘আকভান দিভ’ নামে এক অলৌকিক ক্ষমতাসম্পন্ন দানবের উল্লেখ পাওয়া যায়। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির অভিমুখ নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। প্রাথমিক অনুমান অনুযায়ী, দক্ষিণ ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় এর প্রভাব পড়ার আশঙ্কা তুলনামূলক বেশি। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত গতিপথ ও শক্তি সম্পর্কে নিশ্চিত হতে আরও কিছুটা সময় লাগবে। বাংলার ক্ষেত্রে অবশ্য বড় ধরনের বিপর্যয়ের পূর্বাভাস এখনও নেই। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হলেও পশ্চিমবঙ্গে তার সরাসরি প্রভাব তীব্র হওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। তবে একেবারে বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বৃষ্টির সঙ্গে উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়াও বইতে পারে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিতে হাওয়া চলার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি বিশেষে ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ফলে মৎস্যজীবী থেকে শুরু করে সমুদ্রের উপর নির্ভরশীল মানুষজনের সতর্ক থাকতে বলা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে পূর্বাভাস
আপাতত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে নতুন সপ্তাহে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার আবহাওয়ার পরিবর্তন হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিছু জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।এদিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সঙ্গে ৫০ কিলোমিটার পর্যন্ত হাওয়া বইতে পারে। ঝাড়গ্রাম, কলকাতা, হুগলি ও হাওড়া জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গে অবশ্য ঝড়বৃষ্টির মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তন হবে না
উত্তরবঙ্গের পরিস্থিতি
অন্যদিকে, রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। নিম্নচাপের কোনও প্রভাব পড়ছে না উত্তরবঙ্গের আবহাওয়ায়। উত্তরের ৫ জেলার আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। তবে রবিবার ও সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায়। বাকি জেলায় শুষ্ক আবহাওয়া।
কলকাতাতে বৃষ্টির পূর্বাভাস
রবিবার সকাল থেকেই মোটের উপর শুষ্ক আবহাওয়া কলকাতায়। আবহাওয়া দফতর জানিয়েছে, সারাদিন আকাশ মূলত পরিষ্কার থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজায় থাকবে শীতের হিমেল আমেজ। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম। এদিকে ১৯ ও ২০ নভেম্বর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।