কোন জেলায় কেমন আবহাওয়া?বৈশাখ মাস শুরু হয়ে গিয়েছে, সেইসঙ্গে দক্ষিণবঙ্গে চড়ছে পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। হাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম ও অস্বস্তি আরও বাড়বে। তবে এর মাঝেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। এপ্রিলের নতুন সপ্তাহে বাংলার ২৩ জেলার আবহাওয়া কেমন থাকবে? চলুন জেনে নেওয়া যাক ওয়েদার অফিসের আপডেট।
কী বলছে হাওয়া অফিস?
তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ। রবিবার সকাল থেকেই চড়া রোদের দাপটে অস্বস্তি বেড়েছে কলকাতা-সহ একাধিক জেলায়। শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করছে, অন্যদিকে পশ্চিম বর্ধমানের পানাগড়ে পারদ ছাড়িয়েছে ৪০ ডিগ্রিও । এই পরিস্থিতিতেই কিছুটা স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। দুপুর পর্যন্ত গরম ও আর্দ্রতার অস্বস্তি বজায় থাকলেও বিকেলের পর মেঘ জমতে পারে। তার জেরে শহরের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। সেই সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইতে পারে দমকা হাওয়া। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বাংলাদেশ ও অসম সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যার জেরে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। সেই কারণেই বারবার ভোল বদল আবহাওয়ার।
দক্ষিণবঙ্গ নিয়ে পূর্বাভাস
রবিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবার থেকে কমবে বৃষ্টির দাপট। তবে ঝাড়গ্রাম, মেদিনীপুর ও নদিয়ায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে সোমবার। সোমবার থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে, তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার ও বুধবার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে এবং ভ্যাপসা গরম বাড়বে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার পুনরায় পশ্চিমাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও কমবে না অস্বস্তি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে বেশ কিছুটা। গরমের বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে।
উত্তরবঙ্গে বৃষ্টি
উত্তরবঙ্গের জেলাগুলিতে রবিবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং-সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। সঙ্গে বইতে পারে প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আজ থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
কলকাতার আবহাওয়া?
সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। তবে বেলা বাড়ার সঙ্গে বাড়ছে রোদের তেজ। আপাতত শহরে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় অস্বস্তি বাড়বে শহরে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম।