নতুন সপ্তাহে বৃষ্টির পূর্বাবাস বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রবিবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ এবং দফায় দফায় বৃষ্টি চলছে । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দিনভর শহরের বিভিন্ন অংশে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ দমকা হাওয়াও বইতে পারে। কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে । পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। নতুন সপ্তাহে কেমন থাকবে বাংলার প্রতিটি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
ভারী বৃষ্টি চলবে কতদিন?
রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় নিম্নচাপের দাপটে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। রবিবার দিনভর বৃষ্টির দাপট জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সমুদ্র উত্তাল থাকায় সোমবার ৬ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাওয়া অফিস বলছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে সোমবার ৬ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকেই ফের ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গেও। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি কলকাতা থেকে মাত্র কয়েক কিমি দক্ষিণে অবস্থান করছে। নিম্নচাপটি আরও কিছুটা শক্তি বৃদ্ধি করে উত্তর দিকে অগ্রসর হবে এবং পশ্চিমবঙ্গের দিঘা সংলগ্ন শঙ্করপুর উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৯.৪ কিমি উচ্চতা অবধি বিস্তৃত রয়েছে এবং উচ্চতার সঙ্গে সঙ্গে দক্ষিণ-পশ্চিম দিকে হেলে রয়েছে।
দক্ষিণবঙ্গ নিয়ে পূর্বাভাস
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ রবিবার ৫ জুলাই অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলায়। সোমবার ৬ জুলাই পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঘণ্টা গতিবেগে বইতে পারে দমকা ঝড়ো বাতাস। নতুন সপ্তাহে বৃষ্টির পূর্বাবাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
উত্তরবঙ্গের পরিস্থিতি
সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে দমকা ঝোডো হাওয়া। তবে সোমবারের পর থেকে বাড়তে পারে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট। মঙ্গলবার ৭ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার - এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে বলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। বুধবার ৮ জুলাই ভারী বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়।
কলকাতাতেও দুর্যোগ
রবিবার সকাল থেকেই কলকাতার আকাশে ঘন কালো মেঘ। কোথাও কোথাও হালকা বৃষ্টিও হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার সারাদিন মোটের উপর মেঘলাই থাকবে কলকাতার আকাশ। সঙ্গে শহরের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ারও দাপট থাকতে পারে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকতে পারে। কলকাতায় বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। আজ এবং কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মঙ্গলবার থেকে সম্ভাবনা কমবে।