LPG Subsidy: কুলতলির মহিলার ব্যাঙ্কে ৯৯,৯৯,৯৯,৯৯৭ টাকা, LPG ভর্তুকি চেক করতে গিয়ে তাজ্জব

West Bengal News: গ্য়াস সিলিন্ডারের ভর্তুকির টাকা অ্যাকাউন্টে জমা হয়েছে কিনা, দেখতে গিয়ে রীতিমতো তাজ্জব দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মহিলা।

Advertisement
কুলতলির মহিলার ব্যাঙ্কে ৯৯,৯৯,৯৯,৯৯৭ টাকা, LPG ভর্তুকি চেক করতে গিয়ে তাজ্জবব্যাঙ্কে LPG ভর্তুকির টাকা চেক করতে গিয়ে তাজ্জব কুলতলির মহিলা
হাইলাইটস
  • দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে চাঞ্চল্যকর ঘটনা।
  • গ্যাসের ভর্তুকির টাকা এসেছে কিনা, তা দেখতে গিয়ে চক্ষু চড়কগাছ গৃহবধূর।
  • মহিলার অ্যাকাউন্টে জমা রয়েছে ৯৯ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৭ টাকা!

দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে চাঞ্চল্যকর ঘটনা। গ্যাসের ভর্তুকির টাকা এসেছে কিনা, তা দেখতে গিয়ে চক্ষু চড়কগাছ গৃহবধূর। অ্যাকাউন্টে জমা রয়েছে ৯৯ কোটি ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৭ টাকা! কুলতলির জামতলা PNB ব্রাঞ্চে এই কাণ্ড ঘটেছে।

জানা গিয়েছে, কাশ্মীরা শেখ নামে বছর ৩৬-এর ওই মহিলা দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা। তাঁর স্বামী পেশায় দর্জি। সংসারে আর্থিক ভাবে সাহায্য করতে কাশ্মীরা নিজেও জরি-এমব্রয়ডারির ​​কাজ করেন। দু'জনে মিলে থাকেন একটা অ্যাসবেসটস-এর ছাদের ঘরে। ফলে কাশ্মীরা যখন ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্টে প্রায় ১০০ কোটি টাকা আছে, তখন তিনি রীতিমতো ধন্দে পড়ে যান।

এক সাধারণ মহিলার অ্যাকাউন্টে এত টাকা দেখে ঘাবড়ে যান ব্যাঙ্ক আধিকারিকরাও। তড়িঘড়ি অ্যাকাউন্টটিকে ফ্রিজ করে দেওয়া হয়। ফলে সমস্যায় পড়েছেন কাশ্মীরা শেখ। জানা গিয়েছে, তাঁদের এই একটি মাত্র ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেটিও ফ্রিজ থাকায় লেনদেন করতে সমস্যায় পড়েছেন তাঁরা।

প্রাথমিক ভাবে ব্যাঙ্কের তরফে অনুমান, এটি ব্যাঙ্ক সার্ভারেরই কোন টেকনিক্যাল ত্রুটির কারণে হয়েছে। বর্তমানে টাকার উৎস খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সরকারি ভাবে এই ঘটনার কোনও কারণ এখনও দেখানো হয়নি।

তবে শুধুমাত্র কাশ্মীরা শেখ না। এর আগে গত সপ্তাহে একই রকম ঘটনা ঘটেছে কলকাতার বেলেঘাটায়। সেখানে একটি ক্লাউড কিচেন চালান নূপুর গুপ্তা। তিনি দাবি করেছেন, তাঁর অ্যাকাউন্টেও আচমকা ৪৭ কোটি টাকা জমা হয়ে গিয়েছে। সেই টাকারও তদন্ত করছে ব্যাঙ্ক, পুলিশ ও আয়কর বিভাগ।

 

POST A COMMENT
Advertisement