কলকাতায় নামল তাপমাত্রার পারদপশ্চিমী ঝঞ্ঝা সরে যেতেই ফের রাজ্যে প্রবেশ করছে উত্তুরে হাওয়া। ফলে, রাজ্যে ফের কমছে তাপমাত্রার পারদ। রবিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি কম। শনিবারও ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল শহরের তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রাজ্যজুড়ে ভালরকম শীতের আমেজ থাকবে। কেমন থাকবে বাংলার ২৩টি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
হাওয়া অফিস কী বলছে?
একধাক্কায় তাপমাত্রা নেমেছে গোটা রাজ্যে। নতুন করে শীতের আমেজ রাজ্য জুড়ে। বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে। আবহাওয়া দফতর বলছে, আপাতত পারদ নিম্নমুখীই থাকবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও দিন চারেক শীতের আমেজ বজায় থাকবে। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নতুন সপ্তাহে ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যাবে। উত্তরবঙ্গের তাপমাত্রার খুব একটা হেরফের ঘটবে না। ঘন কুয়াশার সতর্কতা আপাতত আর নেই। জেলাগুলিতে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। দক্ষিণবঙ্গে হালকা কুয়াশার সম্ভাবনা।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
উত্তুরে হাওয়ায় জমিয়ে শীতের আমেজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নীচে। আরও তিন চার দিন শীতের আমেজ বজায় থাকবে সকালে ও রাতে। আপাতত স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কমেছে প্রায় সব জেলাতেই। আবহাওয়া দফতর বলছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যে মেঘ ঢুকেছিল, সেই মেঘ কেটে গিয়ে ফের নামছে তাপমাত্রা। আগামী তিন দিন তাপমাত্রা একই রকম থাকবে। খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। উপকূলের ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমের জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির কাছাকাছি নেমে যেতে পারে। ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পশ্চিমের বেশিরভাগ জেলার তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ৭ দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে সব জেলার আগামী তিন-চারদিন বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা। উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার কোনও হেরফের নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস। মালদা-সহ নীচের দিকের জেলায় তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আগামী সাতদিন মোটামুটি আবহাওয়া একইরকম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। কোথাও কোথাও দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরের কোনও জেলাতেও বৃষ্টি বা তুষারপাতের পূর্বাভাস নেই।
কলকাতা নিয়ে পূর্বাভাস
উত্তুরে হাওয়ায় জমিয়ে শীতের আমেজ কলকাতায়। পরপর দুদিন কলকাতায় পারদ নেমেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে, যা আগামী ৩-৪ দিন বজায় থাকবে। শীতল হাওয়ায় কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের ২ ডিগ্রিরও বেশি নীচে। আজ, রবিবারে শহরের তাপমাত্রা ১৪ ডিগ্রির ঘরে। আকাশ পরিষ্কার। নতুন সপ্তাহে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।