কৃষি বিশেষজ্ঞরাও বলছেন, সাধারণ উচ্চতার তুলনায় এটি নিঃসন্দেহে ব্যতিক্রমী।দোতলা বাড়ির সমান ঢেঁড়স গাছ। হ্যাঁ ঠিকই পড়লেন। বোলপুরে দেখা গেল এমনই এক অদ্ভুত দৃশ্য। আর সেই দোতলা বাড়ির সমান উঁচু ঢেঁড়স গাছ দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। প্রায় ১৫ ফুট উঁচু এই গাছ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অস্বাভাবিক উচ্চতার এই ঢেঁড়স গাছকে ঘিরে কৌতূহল বাড়ছে দিন দিন। অনেক অভিজ্ঞ চাষীও এই গাছ দেখে হতবাক। এমন গাছ আগে কখনও দেখেননি তাঁরা। কৃষি বিশেষজ্ঞরাও বলছেন, সাধারণ উচ্চতার তুলনায় এটি নিঃসন্দেহে ব্যতিক্রমী।
ঘটনাটি বীরভূম জেলার বোলপুরের ভুবনডাঙা এলাকার। সেখানকার বাসিন্দা মহম্মদ জামিরুল হকের বাড়ির উঠোনেই দাঁড়িয়ে প্রায় ১৫ ফুট লম্বা ঢেঁড়স গাছ। আকারে খুব মোটা না হলেও গোড়া থেকে ডগা পর্যন্ত গুচ্ছ গুচ্ছ ঢেঁড়সে ভরে রয়েছে। এখনও নতুন ফুলও ফুটছে বলে জানা গিয়েছে। ফলে এই গাছটি নিয়ে কৌতূহল আরও বেড়েছে স্থানীয়দের মধ্যে।
পেশায় আইনজীবী জামিরুল হক বোলপুর মহকুমা আদালতে কর্মরত। তিনি জানান, তাঁর এক সহকর্মী নদিয়ার চাকদহ থেকে উচ্চ ফলনশীল ঢেঁড়সের বীজ এনে দিয়েছিলেন। গত বর্ষায় সেই বীজ বাড়ির উঠোনে রোপণ করা হয়। প্রথম দিকে গাছটিতে ফুল বা ফল দেখা যায়নি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে গাছটি অস্বাভাবিক দ্রুত বাড়তে শুরু করে। কয়েক মাসের মধ্যেই গাছটির উচ্চতা পৌঁছে যায় প্রায় ১৫ ফুটে।
বর্তমানে গাছের উচ্চতা এতটাই বেশি যে ঢেঁড়স পাড়তে মই বা লম্বা আঁকশির সাহায্য নিতে হচ্ছে। প্রতিদিনই নতুন করে ঢেঁড়স ধরছে গাছে। ফলে ফলনের পরিমাণও বেশ ভাল। এই অস্বাভাবিক উচ্চতার গাছ দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কেউ ছবি তুলছেন, কেউ আবার বীজ চেয়ে নিচ্ছেন।
স্থানীয় বাসিন্দা শেখ আলম জানান, জীবনে এত উঁচু ঢেঁড়স গাছ তিনি কখনও দেখেননি। তাঁর কথায়, “দোতলা বাড়ির সমান ঢেঁড়স গাছ সত্যিই অবাক করার মতো।”
কৃষি বিশেষজ্ঞদের মতে, সাধারণত ঢেঁড়স গাছ ৪ থেকে ৫ ফুট পর্যন্ত বাড়ে। অনুকূল পরিবেশে কিছু ক্ষেত্রে ৭ থেকে ৮ ফুট পর্যন্ত উচ্চতা হতে পারে। তবে ১৫ ফুট উঁচু ঢেঁড়স গাছ কার্যত বিরল। মাটি, আবহাওয়া এবং বীজের গুণমান; এই তিনের মিলিত প্রভাবেই এমন অস্বাভাবিক বৃদ্ধি সম্ভব হতে পারে বলে মত বিশেষজ্ঞদের।
জামিরুল হক জানিয়েছেন, তিনি গাছ লাগাতে ভালোবাসেন। এত বড় গাছ হবে, তা তিনি ভাবেননি। অনেকেই এখন এই ঢেঁড়সের বীজ চাইছেন। ভবিষ্যতে এই জাতের ঢেঁড়স চাষ করা গেলে ফলন ও লাভ; দুটোই ভাল হতে পারে বলে তাঁর আশা।
এই ঘটনার পর বোলপুর এলাকায় এখন একটাই আলোচনা; দোতলা বাড়ির সমান ঢেঁড়স গাছ। এটি কি নতুন কোনও উচ্চ ফলনশীল জাতের সম্ভাবনা, নাকি প্রকৃতির এক ব্যতিক্রমী উদাহরণ; তা নিয়ে জল্পনা চলছে।
সংবাদদাতা: শান্তনু হাজরা