7th Pay Commission: রাজ্যে চালু সপ্তম বেতন কমিশন, সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা

রাজ্যে অবশেষে চালু হল সপ্তম বেতন কমিশন। সরকারি সিলমোহর পড়ল শুভেন্দু অধিকারীর ক্যাবিনেটের দ্বিতীয় বৈঠকে। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পল।

Advertisement
রাজ্যে চালু সপ্তম বেতন কমিশন, সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণাসপ্তম বেতন কমিশন
হাইলাইটস
  • রাজ্যে চালু সপ্তম বেতন কমিশন
  • সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা
  • DA নিয়ে কী জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা?

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা করল শুভেন্দু অধিকারীর সরকার। ক্ষমতায় এসেই সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর পড়ল সপ্তম বেতন কমিশনে। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পরই 'সংকল্প' পূরণ করলেন শুভেন্দু অধিকারী। সোমবার রাজ্য মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী অগ্নিমিত্রা পল। DA নিয়ে যদিও এদিনের বৈঠকে কোনও আলোচনা হয়নি। 

অগ্নিমিত্রা পল বলেন, 'রাজ্য সরকারি কর্মী, বোর্ড, নিগম, স্থানীয় সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামো সংশোধনের লক্ষ্যে সপ্তম বেতন কমিশন গঠনে অনুমোদন দেওয়া হয়েছে।'

পে কমিশনের নিয়ম অনুযায়ী প্রতি ১০ বছর অন্তর কর্মীদের বেতন কাঠামোর সংস্কার করার কথা সরকারের। যদিও পূর্বের সরকারের আমলে তা হয়নি। ২০১৬ সালে ১ জানুয়ারি সপ্তম বেতন কমিশন কার্যকর করেছিল মোদী সরকার। সেক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বড় ফারাক রয়ে গিয়েছিল। যা নিয়ে দীর্ঘ লড়াই চালিয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। 

 রাজ্যে ষষ্ঠ পে কমিশনের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর। রাজ্য মন্ত্রিসভা সপ্তম পে কমিশনে সিলমোহর দেওয়ার পর বেতন বৃদ্ধির অঙ্ক নিয়েও চলছে জল্পনা।  পে কমিশনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ‘ফিটমেন্ট ফ্যাক্টর’। কেন্দ্র ও রাজ্যের সামঞ্জস্য থাকলে এক ধাক্কায় অনেকটা বেতন বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। ফলত নতুন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই লক্ষ্মীলাভ হল সরকারি কর্মীদের।

তবে DA নিয়ে এদিন কোনও সিদ্ধান্ত হয়নি মন্ত্রিসভার বৈঠকে। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘আজ DA নিয়ে আলোচনা হয়নি। অবশ্যই আলোচনা হবে। তবে আজকের ক্যাবিনেট মিটিংয়ে তা এজেন্ডায় ছিল না।’ রাজ্য সরকারের কর্মীদের কেন্দ্রীয় হারে DA-র দাবি দীর্ঘদিনের। এ নিয়ে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে মামলা গড়িয়েছে। মিটিং-মিছিল, প্রতিবাদ-বিক্ষোভও হয়েছে। BJP ক্ষমতায় আসার পরে সরকারি কর্মীরা ভরসা রাখছেন। সপ্তম বেতন কমিশন চালু হওয়া তাঁরা একদিকে যেমন খুশি, তেমনই বকেয়া DA মিটে যাবে বলেও তাঁরা আশাবাদী। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement