ভারতে সংবাদক্ষেত্রে প্রথম AI অ্যাঙ্কার লঞ্চ করেছিল ইন্ডিয়া টুডে গ্রুপ(ITG)। ইন্ডিয়া টুডের AI অ্যাঙ্কার SANA-র কামাল দেখছে সারা দেশ। এবার বাংলার ক্ষেত্রেও প্রথম AI অ্যাঙ্কার আনছে আজতক বাংলা ইউটিউব চ্যানেল ও 'বাংলা ডট আজতক ডট ইন'। বাংলার প্রথম AI অ্যাঙ্কার আয়না আত্মপ্রকাশ করতে চলেছে আগামী ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন। ১৫ অগাস্ট দিনটি আজতক বাংলা ইউটিউব চ্যানেলের জন্য তাৎপর্যপূর্ণ। 2022 সালের 15 অগাস্ট আবার নতুন রূপে পথ চলা শুরু করেছিল আজতক বাংলা ইউটিউব চ্যানেল। ঠিক এক বছরের মাথায় বাংলার অন্যান্য নিউজ চ্যানেলগুলির থেকে কয়েক কদম এগিয়ে AI অ্যাঙ্কার লঞ্চ করবে আজতক বাংলা ইউটিউব চ্যানেল ও 'বাংলা ডট আজতক ডট ইন'।
এই নতুন AI অ্যাঙ্কার আপনার পুরনো সব ধ্যান ধারণাকে এক্কেবারে বদলে দেবে। স্বাধীনতা দিবসে অন্য এক স্বাধীনতার ছটা দেখতে পারবেন বাংলার মানুষ। রং না দেখে স্বচ্ছ আয়নার মতো সার্বিক দিক তুলে ধরবে আজতক বাংলা ইউটিউব চ্যানেল, 'বাংলা ডট আজতক ডট ইন' ও AI অ্যাঙ্কার। তৈরি থাকুন সংবাদ জগতের এই নতুন স্বাধীনতার জন্য।
একটা সময় ছিল যখন খবরপাঠ করার একটি নির্দিষ্ট গতে বাঁধা নিয়ম ছিল। সেই গতে বাঁধা নিয়মের বাইরে কোনও বাংলার সংবাদ মাধ্যম নতুন কিছু করার সাহস দেখায়নি । 15 অগাস্ট 2022 থেকে এই খবর পরিবেশনের গ্রামার পাল্টে দিয়েছে 'বাংলা ডট আজতক ডট ইন' ও আজতক বাংলা ইউটিউব চ্যানেল। নিউজ রিডার থেকে নিউজ কাস্টার হয়ে ওঠার জার্নিটা যেন একটা বিপ্লব। কথা বলার স্টাইল পাল্টেছে, খবর পরিবেশন করার ধরন পাল্টেছে। পাল্টেছে সম্পূর্ণ চিত্র। পরিবর্তনই তো আসল নিয়ম। আর সেই নিয়ম মেনেই এসেছে আরও এক বৈপ্লবিক পরিবর্তন। AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন দেশের সংবাদ ব্যবসায় প্রধান আকর্ষণ। AI বিশ্বকে এমনভাবে রূপান্তরিত করছে যা আগে কখনও কল্পনা করা যায়নি। বিভিন্ন সেক্টর এবং শিল্প তাদের পরিষেবার জন্য AI এসেছে, কাজের প্রক্রিয়াগুলিকে আরও স্মার্ট এবং আরও দক্ষ করে তুলছে। AI-র একটি উল্লেখযোগ্য প্রয়োগ সাংবাদিকতার জগতে ভীষণ আলোড়ন সৃষ্টি করেছে। আর তা হল AI অ্যাঙ্কর।
একজন AI অ্যাঙ্কর,যা ভার্চুয়াল অ্যাঙ্কর বা ডিজিটাল হিউম্যান নামেও পরিচিত। একজন AI-অ্যাঙ্কার একজন মানব অ্যাঙ্করের মতোই দক্ষতার সঙ্গে খবর পাঠ করতে পারে। তবুও AI অ্যাঙ্করের মধ্যে কোনও ক্লান্তির লেশমাত্র থাকে না। একটি নির্দিষ্ট সময়ে প্রচুর ডেটা সংগ্রহ করে তা পরিবেশন করতে সক্ষম এই AI অ্যাঙ্কার।
অন্যদিকে, AI অ্যাঙ্করদের আবির্ভাব মেশিন বনাম মানুষের দক্ষতা নিয়ে বিতর্ককে উস্কে দিয়েছে। যদিও এই AI-চালিত অ্যাঙ্করগুলি দক্ষতা একটি নতুন দিক নির্দেশ করে। বিশেষজ্ঞদের যুক্তি, AI অ্যাঙ্কারদের প্রভাব বাড়লে, অন্যান্য কাজের পরিসর বাড়বে। সাংবাদিকরা একইরকম কাজের বদলে বিশ্লেষণমূলক কাজ এবং গবেষণার জন্য আরও সময় দিতে পারবেন।
এই 15 অগস্ট বাংলার প্রথম AI অ্যাঙ্কার এবং খবরের নতুন রূপ দেখতে পাবেন আজতক বাংলা ইউটিউব চ্যানেল ও 'বাংলা ডট আজতক ডট ইন'-এ।