অগ্নিমিত্রা পল রাজ্যের রূপান্তরকামীদের বিকল্প রোজগারের বন্দোবস্ত করতে এবার উদ্যোগ নিলেন নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পল। এই নিয়ে তিনি বিকাশ ভবনে একটি বৈঠকও করেছেন সম্প্রতি। এমনকী, লিঙ্গ পরিবর্তন অপরাশেন এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি নিয়েও সরকারি সাহায্যের ভাবনাচিন্তা রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। তাঁকে ধন্যবাদ জানিয়েছে রাজ্যের ট্রান্সজেন্ডার কমিউনিটি।
ঠিক কী পরিকল্পনা অগ্নিমিত্রা পল?
রূপান্তরকামীদের রোজগারের বন্দোবস্ত করার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। অগ্নিমিত্রা পল বলেন, 'ওঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। যে যেরকম পারবে, সেই কাজের ব্যবস্থা করা। কেউ স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করতে পারেন, আবার কেউ বিউটিশিয়ান হিসেবে রোজগার করতে পারেন।'
পাশাপাশি অগ্নিমিত্রা বলেন, 'অনেকে লিঙ্গ পরিবর্তন করান, তবে সেটা খরচসাপেক্ষ। সবচেয়ে বড় কথা এই জেন্ডার চেঞ্জ কেবলমাত্র পিজি হাসপাতালেই হয়। আরও সরকারি জেলা হাসপাতালে যাতে এই পরিষেবা চালু করা যায়, সেই আলোচনাও হয়েছে।'
খুব শীঘ্রই ট্রান্সজেন্ডার সংগঠনের সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানিয়েছেন মন্ত্রী। বিভিন্ন সংগঠনের রূপান্তরকামী প্রতিনিধিদের থেকে সমস্যার কথা শুনবেন বলেও জানিয়েছেন তিনি।
অগ্নিমিত্রা বলেন, 'আমি ওঁদের সঙ্গে নিজে কাজ করেছি। তাই চাই ওঁদের যাতে ভিক্ষা না করতে হয়।'
মন্ত্রী উল্লেখ করেন রূপান্তরকামী সমাজকর্মী রঞ্জিতা সিনহার কথা। তাঁর সঙ্গেও কথা বলবেন বলে জানান। অগ্নিমিত্রাকে ধন্যবাদ জানিয়েছেন রঞ্জিতা। তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'তোমার মতো সংবেদনশীল নেত্রী পেয়ে সত্যিই আমি খুব গর্বিত। তোমার ছত্রছায়ায় যে কাজ হবে সেটা আমি অনেকদিন ধরেই জানি। সে জন্য তোমার সঙ্গে সব সময় যোগাযোগ রেখেছি এবং তোমার মতামত নিয়েছি। ট্রান্সজেন্ডার কমিউনিটির উন্নয়নে তোমার সহযোগিতা একান্ত কাম্য।'