অমিত শাহ ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার নদিয়ার মায়াপুরে ISKCON-এর অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এবারের সফরে যদিও তাঁর রাজনৈতিক কর্মসূচি নেই বলেই জানা যাচ্ছে। গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতার জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই আধ্যাত্মিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সূত্রের দাবি, বিমানে কলকাতায় নামার পরই তিনি বিশেষ হেলিকপ্টারে রওনা দেবেন মায়াপুরে। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের সদস্য ও ভক্তদের আসার কথা। বিশিষ্ট বৈষ্ণব আধ্যাত্মিক গুরু ও গবেষকরা উপস্থিত থেকে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জীবন, দর্শন ও বিশ্বব্যাপী আধ্যাত্মিক অবদানের উপর বক্তব্য রাখবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এই অনুষ্ঠানে ভাষণ দেবেন। তাঁর বক্তব্যে ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য এবং সমকালীন সমাজে সনাতন মূল্যবোধের প্রাসঙ্গিকতার দিকটি থাকবে। ISKCON কর্তৃপক্ষ অমিত শাহকে বিশেষ সংবর্ধনাও দেবে বলে খবর।
অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তির। তাঁরা ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শিক্ষার চিরস্থায়ী প্রভাব ও বিশ্ব আধ্যাত্মিক চর্চায় তাঁর অবদানের বিষয়ে আলোকপাত করবেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন ঘিরে তৎপর নদিয়া জেলা প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে। একাধিক দফায় পরিদর্শন সেরে ফেলেছেন প্রশাসনিক আধিকারিকরা।