Annapurna Yojana Money Credit: অন্নপূর্ণার ৩ হাজার টাকা আজ কত মহিলার অ্যাকাউন্টে ঢুকছে? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী

আজই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে ৩ হাজার টাকা, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সভাঘরে সাংবাদিক সম্মেলন করে 'অন্নপূর্ণা যোজনা'র শুভ সূচনা করল রাজ্য সরকার।

Advertisement
অন্নপূর্ণার ৩ হাজার টাকা আজ কত মহিলার অ্যাকাউন্টে ঢুকছে? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী'অন্নপূর্ণা যোজনা'র ৩ হাজার টাকা ঢোকা শুরু

শুরু হল 'অন্নপূর্ণা যোজনা'র যাত্রা। আজই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে ৩ হাজার টাকা, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জনের অ্যাকাউন্টে পৌঁছবে অন্নপূর্ণা যোজনার টাকা। নবান্ন সভাঘরে সাংবাদিক সম্মেলন করে 'অন্নপূর্ণা যোজনা'র শুভ সূচনা করল রাজ্য সরকার। যারা ফর্ম পূরণ করেননি, তাদের শীঘ্রই আবেদন করার আহ্বান জানান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফর্ম আবেদনের ৫-৭ দিনের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে 'অন্নপূর্ণা যোজনা'র ৩ হাজার টাকা। সাতদিন অন্তর অন্তর অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা সংশোধন করা হবে বলেও তিনি জানান।

অগ্নিমিত্রা আরও বলেন, ভবিষ্যতে আরও কল্যাণমূলক যোজনা আনা হবে। আগামী ৩ মাস অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা যাবে। ফর্ম পূরণ করার পাঁচ-সাতদিনের মধ্যে ঢুকে যাবে টাকা। 'যাঁরা আগে আবেদন করেননি তাঁরাও আবেদন করুন', বার্তা দেন অগ্নিমিত্রা। ব্লক অফিস, BDO অফিস, SDO অফিস, MLA অফিস, পুরসভা থেকে ফর্ম সংগ্রহ করা যাবে। অনলাইনেও ফর্ম ফিলআপ করা যাবে আজ থেকে।

অগ্নিমিত্রা স্পষ্ট জানান, "প্রথমে বলা হয়েছিল, ফর্ম দিতে লাগবে না, ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার করা হবে। কিন্তু পরে পর্যালোচনা করে দেখা গিয়েছে, হাজার হাজার লক্ষ ভুয়ো নাম ঢুকে রয়েছে। সেগুলিকে পর্যালোচনার প্রয়োজন ছিল। সেই কারণেই নতুন ফর্ম দেওয়া হয়েছে।"

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, "SIR র পরে দেখা গেছে অনেক মানুষ এ দেশের নয়। তাই আমরা নতুন করে ফর্ম পূরণ করার সিদ্ধান্ত নিই। ১ লাখ ২১ হাজার সিএএ তে আবেদন করেছেন। আরও অনেকে অত‍্যাচারিত হয়ে বাংলাদেশ থেকে এ দেশে এসেছেন। আরও মানুষ সিএএ র মাধ্যমে নাগরিকত্ব পাবেন। কিন্তু যাঁরা অবৈধ ভাবে এ দেশে ঢুকেছেন তাঁরা এই অন্নপূর্ণা যোজনা পাবেন না। মহিলাদের জন্য স্কিমে পুরুষেরা যে লক্ষ্মীর ভাণ্ডারের সুযোগ পাচ্ছিলেন তারা এই টাকা পাবেন না। আমি আশ্বস্ত করতে চাই যারা একান্তই নিজেরা আসতে পারবেন না আমাদের প্রতিনিধি বাড়ি বাড়ি গিয়ে ফর্ম ফিলআপ করিয়ে আসবে। ফর্ম ফিলআপ হয়ে গেলে ভেরিফিকেশন হয়ে গেলে সঙ্গে সঙ্গে টাকা ঢুকে যাবে। ভারতীয় নাগরিকত্ব যাঁদের নেই তাঁরা পাবেন না। ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির গ্যারান্টি স্কিম ডাবল ইঞ্জিন সরকার অ্যাকাউন্টে ট্রান্সফার করল। আরও সুযোগ থাকবে আবেদন করার।"

Advertisement

মুখ্যসচিব মনোজ আগরওয়াল জানান, "বাড়ি বাড়ি ফর্ম পূরণ করা হচ্ছে। কেউ অযোগ্য থাকলে অভিযোগ জানাতে পারেন।"

এছাড়াও, বুধবার চালু হল সরকারের আরও এক কর্মসূচি 'আপনার সরকার, আপনার পাশে'। সেইসঙ্গে বিনামূল্যে বাসে ভ্রমণ করার জন্য স্মার্ট কার্ড খুব শীঘ্রই দেওয়া হবে। তিনি এও জানান, কোনও অনুপ্রবেশকারী এই যোজনাগুলির সুবিধা পাবেন না।

POST A COMMENT
Advertisement