মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি; এই তিন জেলা নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী।বুধবার থেকেই মিলবে অন্নপূর্ণা যোজনার ফর্ম। কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পর বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে 'মা ক্যান্টিন'-এ ৫ টাকায় মাছ-ভাত দেওয়ার কথাও ঘোষণা করলেন। মঙ্গলবার কল্যাণীতে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলি; এই তিন জেলা নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে ট্রান্সফারের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। বলেন, 'আগামীকাল নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশ করা হবে। অনলাইন এবং অফলাইন; দুই ভাবেই আবেদন করা যাবে।'
মুখ্যমন্ত্রী আরও জানান, যাঁরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে চান, তাঁদের নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। ফর্ম কীভাবে জমা দিতে হবে এবং কারা এই প্রকল্পের আওতায় আসবেন, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য বুধবার জানানো হবে বলেও জানিয়েছেন। প্রশাসনের দাবি, যত দ্রুত এনরোলমেন্ট হবে, তত দ্রুত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছবে।
সূত্রের খবর, জুন মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হতে পারে। ইতিমধ্যেই উপভোক্তাদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। প্রশাসনিক বৈঠকে সেই কাজ দ্রুত শেষ করার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এ দিনের বৈঠকে শুধু অন্নপূর্ণা যোজনা নয়, 'মা ক্যান্টিন' নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভেন্দু ঘোষণা করেন, সপ্তাহে দু’দিন মা ক্যান্টিনে মাছ-ভাত দেওয়া হবে। মাত্র ৫ টাকাতেই মিলবে সেই খাবার। সাধারণ মানুষের জন্য সস্তায় পুষ্টিকর খাবার পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে দাবি রাজ্য সরকারের।
এদিন কল্যাণীর প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক সাংসদ ও বিধায়ক। উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও। এ ছাড়াও স্বরূপনগরের বিধায়ক বীনা মণ্ডল, দেগঙ্গার বিধায়ক আনিসুর রহমান এবং হাড়োয়ার বিধায়ক আব্দুল মাতিনও বৈঠকে যোগ দেন।
এ দিন উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলির জেলাশাসক ও পুলিশ সুপারদের রিপোর্টও তলব করা হয়েছিল। প্রশাসনিক সূত্রে খবর, উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি পরিষেবার পরিস্তিতি নিয়েই মূলত এই বৈঠকে আলোচনা হয়েছে।