বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের পরিস্থিতিএল নিনোর জেরে এবারের বর্ষা বেশ খামখেয়ালি। ইতিমধ্যেই শ্রাবণ মাস ঢুকে গিয়েছে। কিন্তু শ্রাবণের যে অনবরত বৃষ্টির ধারা দেখা যায়, মোদ্দা কথায় দিনভর টানা বৃষ্টি, তা এখনও পর্যন্ত হয়নি পশ্চিমবঙ্গের সর্বত্র। উত্তরবঙ্গের জেলাগুলি ব্যাপক বৃষ্টিপাত চললেও, দক্ষিণবঙ্গে খামখেয়ালিপনা চলছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর। তবে আগামী কয়েক সপ্তাহে নতুন করে একটি সিস্টেম তৈরি হচ্ছে। আগের যে নিম্নচাপ সিস্টেমটি বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল, অবশিষ্ট প্রভাব কেটে গিয়েছে। সেই প্রভাব কাটতে না কাটতেই ফের নতুন করে সিস্টেম তৈরি হচ্ছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে
স্যাটেলাইটে দেখা যাচ্ছে, সাম্প্রতিক মৌসুমি গভীর নিম্নচাপের দুর্বল হয়ে পড়া অবশিষ্টাংশ এখনও উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশ ও পাকিস্তানের ওপর অবস্থান করছে। তবে এরই মধ্যে পূর্ব ভারত এবং বঙ্গোপসাগরের উপর বিস্তীর্ণ এলাকাজুড়ে গভীর বজ্রগর্ভ মেঘের সক্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যার নির্যাস, বর্ষার বৃষ্টিতে যে ঘাটতি এখনও পর্যন্ত রয়েছে, তা অনেকটাই পূরণ হয়ে যাবে আগামী কিছু সপ্তাহে। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, নিম্নচাপ সিস্টেম তৈরি হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। ওই নিম্নচাপ তৈরি হলে পূর্ব ও মধ্য ভারতে ব্যাপ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে বৃষ্টি হবে।
Enhanced rainfall activity over some districts of North Bengal and enhanced thunderstorm activity over some districts of South Bengal pic.twitter.com/TElGiQKF21
— IMD Kolkata (@ImdKolkata) August 2, 2026
ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা
পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড ও আশপাশের এলাকায় বৃষ্টি হবে। এই নিম্নচাপের প্রভাব মধ্য ভারতেও পড়তে পারে, ফলে খরিফ শস্যের ফলনের ক্ষেত্রে লাভজনক হতে চলেছে। এই ফ্রেশ বৃষ্টিপাতের পর্বে মাটির আর্দ্রতা বৃদ্ধি পাবে, জলাধারগুলি নতুন করে জল পাবে এবং মরসুমের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে যে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছিল, তা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। আবহাওয়াবিদদের মতে, আগামী কয়েক দিন এই সক্রিয় মৌসুমি পরিস্থিতি বজায় থাকলে দেশের সামগ্রিক মৌসুমি বৃষ্টিপাতের পরিসংখ্যানেও উল্লেখযোগ্য উন্নতি দেখা যেতে পারে।
বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপের গতিবিধি
IMD জানাচ্ছে, একাধিক সিস্টেম আগামী কয়েকদিনে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির বিষয়েও আগাম সতর্ক করা হয়েছে। আবহাওয়াবিদরা বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপ সিস্টেমগুলির গতিবিধির দিকে নজর রাখছেন, আগামী কয়েক সপ্তাহে এই সিস্টেমগুলির জন্য ভারতের বড় অংশে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে।