
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন প্রক্রিয়া ঘিরে বিপুল সাড়া মিলেছে। গত ১৬ তারিখ থেকে শুরু হওয়া যুবসাথীর নাম নথিভুক্তিকরণ বৃহস্পতিবার শেষ হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী, মোট আবেদন জমা পড়েছে ৬৪ লক্ষ ৮৮ হাজার ৫৭৮টি। তবে দিনের শেষে প্রকাশিত চূড়ান্ত রিপোর্টে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ৬৫ লক্ষ ৫৭৯। বৃহস্পতিবার একদিনেই নতুন করে যুক্ত হয়েছে ৩ লক্ষ ৩৫ হাজার ৩১৫টি আবেদন।
কোন জেলায় সবচেয়ে বেশি?
জেলা ভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ ২৪ পরগনা থেকে ৭ লক্ষ ৬০ হাজার ৯৭৬টি। দ্বিতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ (৬ লক্ষ ০৬ হাজার ৩৬৫) এবং তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (৪ লক্ষ ৯৯ হাজার ৩৪০)। এছাড়াও উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে পূর্ব বর্ধমান (৩,৪৭,৪১৫), নদিয়া (৩,৪৩,০৬১), হুগলি (৩,৩৪,৬২৮) ও বাঁকুড়া (৩,১১,৮৬৪) জেলায়।
সবচেয়ে কম কোথায়?
সবচেয়ে কম আবেদন জমা পড়েছে কালিম্পং জেলায়, মাত্র ২০ হাজার ৪৩৯টি। এর পর রয়েছে ঝাড়গ্রাম (৮৫,০৬৫), আলিপুরদুয়ার (১,১৭,৭০৩) এবং দার্জিলিং (১,১৮,৭২৭)।
অনলাইন-অফলাইন মিলিয়ে প্রায় এক কোটি?
সূত্রের খবর, অনলাইনে বেকার ভাতার আবেদনের সংখ্যা ২৫ লক্ষের কাছাকাছি পৌঁছেছে। ফলে অনলাইন ও অফলাইন মিলিয়ে মোট আবেদন প্রায় এক কোটির ঘরে পৌঁছতে পারে বলে মনে করা হচ্ছে।
এই বিপুল আবেদনসংখ্যা বাংলায় শিক্ষিত বেকারত্বের প্রকৃত চিত্র কতটা গভীর, সেই প্রশ্নকে নতুন করে সামনে এনে দিয়েছে। রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে ‘যুবসাথী’ প্রকল্প রাজ্য রাজনীতিতে বড় ইস্যু হয়ে উঠতে পারে।