Biman Basu: শিল্পনীতির জটের মূলে জ্যোতি বসু? বিমান-মন্তব্যে শমীকের খোঁচা, 'বোধোদয়'

এবার বাম আমলের শিল্পনীতি নিয়ে মুখ খুললেন সিপিএমের প্রবীণ নেতা বিমান বসু। তাঁর বক্তব্য, বামফ্রন্টের শিল্পনীতি তৈরি ও ঘোষণার দায়িত্বে ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।

Advertisement
শিল্পনীতির জটের মূলে জ্যোতি বসু? বিমান-মন্তব্যে শমীকের খোঁচা, 'বোধোদয়'তাঁর বক্তব্য, বামফ্রন্টের শিল্পনীতি তৈরি ও ঘোষণার দায়িত্বে ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।
হাইলাইটস
  • নয়া শিল্পনীতি ঘোষণা করেছে শুভেন্দু অধিকারীর সরকার।
  • ফিরছে সিঙ্গুর-নন্দীগ্রামের স্মৃতি।
  • বাম আমলের শিল্পনীতি নিয়ে মুখ খুললেন সিপিএমের প্রবীণ নেতা বিমান বসু।

পশ্চিমবঙ্গে শিল্প ফেরানোর প্রতিশ্রুতি। নয়া শিল্পনীতি ঘোষণা করেছে শুভেন্দু অধিকারীর সরকার। আর সেই শিল্পনীতির প্রসঙ্গেই ফিরছে সিঙ্গুর-নন্দীগ্রামের স্মৃতি। আধুনিক বঙ্গে জমি অধিগ্রহণই যে শিল্পের মূল চ্যালেঞ্জ, তা এক স্বীকার করছে রাজনৈতিক মহল। এমনই প্রেক্ষাপটে এবার বাম আমলের শিল্পনীতি নিয়ে মুখ খুললেন সিপিএমের প্রবীণ নেতা বিমান বসু। তাঁর বক্তব্য, বামফ্রন্টের শিল্পনীতি তৈরি ও ঘোষণার দায়িত্বে ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। পরে সেই নীতি কার্যকর করার দায়িত্ব পান বুদ্ধদেব ভট্টাচার্য। নীতি নিয়ে সমস্যা হয়ে থাকলে তার দায় জ্যোতি বসুর নেতৃত্বের উপরেই বর্তায় বলে মন্তব্য করেছেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর এই বিশ্লেষণে চর্চা তুঙ্গে।

এক সাক্ষাৎকারে বিমান বসু এই বক্তব্য রাখেন। প্রশ্ন উঠেছে, তবে কি বাম আমলের শিল্পনীতি নিয়ে দলের ভিতরে কোনও অস্বস্তি ছিল? বিশেষ করে সিঙ্গুর ও নন্দীগ্রামের জমি আন্দোলনের পর শিল্পায়নের পথ কতটা জটিল হয়ে দাঁড়িয়েছিল, তা এখনও রাজ্য-রাজনীতির অন্যতম আলোচ্য বিষয়। শিল্পের জন্য জমি নেওয়ার পদ্ধতি, কৃষকদের সম্মতি এবং প্রশাসনিক সিদ্ধান্ত; সব কিছুই নতুন করে ভাবতে শিখিয়েছে সিঙ্গুর-নন্দীগ্রাম। সেই পুরনো অধ্যায়েই ফের নতুন করে চর্চায়। সৌজন্যে বিমান বসু।

যদিও সিপিএম-এর অন্দরে জমি-নীতি নিয়ে মতবিরোধের জল্পনা উড়িয়ে দিয়েছেন অসীম দাশগুপ্ত।টিভি নাইনকে দেওয়া সাক্ষাৎকারে এহেন সম্ভাবনায় জল ঢেলেছেন প্রাক্তন অর্থমন্ত্রী। তাঁর দাবি, শিল্পনীতি নিয়ে বামেদের মধ্যে কোনদিনই মতপার্থক্য ছিল না। জ্যোতি বসুর আমল থেকেই শিল্প নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছিল। একই সঙ্গে কৃষি ও শিল্পকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী না করে পাশাপাশি এগিয়ে নিয়ে যাওয়ার উপর জোর দিয়েছেন তিনি। তাঁর মতে, জেলার প্রয়োজন বুঝে কৃষি ও শিল্পের পরিকল্পনা করা জরুরি।

তবে বিমান বসুর এই মন্তব্যকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এটিকে 'বিলম্বিত বোধোদয়' বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, 'বাম জমানাতেই বাংলায় শিল্পবিরোধী পরিবেশ তৈরি হয়েছিল। আদিত্য বিড়লার সঙ্গে দুর্ব্যবহার এবং কম্পিউটার চালুর বিরোধিতা করেছিলেন এই বামেরাই।'

Advertisement

সব মিলিয়ে নতুন শিল্পনীতি ঘোষণার মধ্যেই ফের আলোচনায় সেই পুরনো জমি বিতর্ক। প্রশ্ন একটাই; শিল্পের স্বার্থে জমি, কৃষক এবং সরকারের কীভাবে ব্যালেন্স রাখবেন শুভেন্দু? তার উত্তর সময়ই দেবে। 

POST A COMMENT
Advertisement