বাংলায় বিসলেরির জলে ব্যাকটেরিয়া পাওয়ার অভিযোগ (ছবি: গেটি)জল নিয়ে মহা বিপদে পড়েছে বিসলেরি ইন্টারন্যাশনাল। রোজই সংস্থার প্যাকেজড পানীয় জলের গুণমান নিয়ে প্রশ্ন উঠছে। এমনকী সংস্থার পশ্চিমবঙ্গের একটি কারখানায় তৈরি জলের নির্দিষ্ট ব্যাচের নমুনায় কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া গিয়েছে বলে জানিয়েছে খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা FSSAI। তবে এই রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলেছে বিসলেরি। সংস্থার দাবি, দুটি স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়। সেখানে জলের গুণমান ঠিকই পাওয়া গিয়েছে। এই পরিস্থিতিতে গোটা বিষয়টি নতুন করে খতিয়ে দেখার জন্য FSSAI-এর কাছে আবেদন জানিয়েছে সংস্থা।
কী নিয়ে বিতর্ক?
এক্ষেত্রে বিতর্কের কেন্দ্রে রয়েছে বিসলেরির PB201 ব্যাচ। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার টেলিপাড়া গ্রামের কারখানায় এই জল তৈরি হয়েছিল। ২৮ নভেম্বর প্রকাশিত বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, FSSAI-এর নির্দেশের পর ওই ব্যাচের জল বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। ২০২৬ সালের ১২ অগাস্ট এই ব্যাচের বিক্রি নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছিল FSSAI।
বিসলেরির বিরুদ্ধে মামলা
আগেই বলেছি FSSAI-এর পরীক্ষায় বিসলেরির কারখানা থেকে সংগ্রহ করা নমুনায় কলিফর্ম ব্যাকটেরিয়া পাওয়া যায়। প্রাইমারি ল্যাবরেটরি এবং রেফারেল ফুড ল্যাবরেটরি, দুই জায়গাতেই একই ফল সামনে আসে।
এরপর Food Safety and Standards Act, 2006 অনুযায়ী বিসলেরি ইন্টারন্যাশনালের বিরুদ্ধে মামলা করার অনুমতি দেয় FSSAI।
তবে এই রিপোর্ট মানতে নারাজ বিসলেরি। সংস্থার দাবি, FSSAI স্বীকৃত দুটি স্বাধীন ল্যাবরেটরিতে নিজেদের উদ্যোগে ওই ব্যাচের নমুনা পরীক্ষা করানো হয়েছিল। দুই পরীক্ষাগারের রিপোর্টেই দেখা গিয়েছে, জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা নির্ধারিত সীমার মধ্যে রয়েছে। অন্যান্য খাদ্য নিরাপত্তার মানদণ্ডও মেনেছে নমুনাগুলি।
নমুনা সংগ্রহ ও পরীক্ষার পদ্ধতি খতিয়ে দেখার দাবি
এমন পরিস্থিতিতে FSSAI পরীক্ষার রিপোর্টের সঙ্গে স্বাধীন ল্যাবরেটরির ফলের এহেন পার্থক্য নিয়ে প্রশ্ন তুলেছে বিসলেরি। সংস্থার দাবি, নমুনা সংগ্রহের পদ্ধতি, পরীক্ষার প্রক্রিয়া, পরীক্ষাগারের রিপোর্ট এবং ফলাফলে পার্থক্যের সম্ভাব্য কারণগুলি বিস্তারিতভাবে খতিয়ে দেখা প্রয়োজন।
বিসলেরির বক্তব্য, 'আমরা আশা করি, গোটা বিষয়টি শিল্পক্ষেত্রে যে একই মানদণ্ড প্রয়োগ করা হয়, সেই অনুযায়ী বিচার করা হবে।'
সংস্থাটি জানিয়েছে, প্রকৃত তথ্য সামনে আনতে হবে। তারা FSSAI-কে সবরকম সহযোগিতা করবে।
পাশাপাশি পানীয় জলের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছে বিসলেরি। তাদের দাবি, উৎপাদনের ১০টি ধাপে ৯০টিরও বেশি পরীক্ষা করা হয়। এর মাধ্যমে জলের গুণমান যাচাই করা হয়। তাদের পানীয় জল যে অত্যন্ত নিরাপদ, সেটাও জানিয়েছে তারা।