দলের একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন বিজেপির ওন্দার বিধায়ক অমরনাথ শাখা।Bengal BJP News: দলের একাংশের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিলেন বিজেপির ওন্দার বিধায়ক অমরনাথ শাখা(Amarnath Sakha)। তাঁর অভিযোগ, দলের কিছু বড় নেতা সংগঠন মজবুত করা বা বিরোধীদের রাজনৈতিক ভাবে মোকাবিলা করার বদলে আত্মপ্রচারে বেশি ব্যস্ত। কেউ রিল বানাচ্ছেন, কেউ ফলোয়ার বাড়াচ্ছেন, আবার কেউ নিজের ‘ফ্যান ক্লাব’ তৈরি করতে ব্যস্ত; এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টেই ক্ষোভের কথা জানিয়েছেন অমরনাথ। তাঁর বক্তব্য, দলের মধ্যে কোনও বিষয় ভুল মনে হলে তিনি চুপ করে থাকতে পারেন না। কারও মন জুগিয়ে চলার অভ্যাসও তাঁর নেই। ভুল দেখলে প্রতিবাদ করেন, আর সেই কারণেই তাঁর অনেক শত্রু তৈরি হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
‘বামকে কাউন্টার করার কেউ নেই’, অভিযোগ বিজেপি বিধায়কের
অমরনাথের মূল নিশানা অবশ্য দলের পাশাপাশি বামেদের দিকেও। তাঁর অভিযোগ, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই বামফ্রন্ট বিভিন্ন ভাবে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। সরকারের ভূমিকা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি করার চেষ্টা হচ্ছে বলেও দাবি তাঁর।
কিন্তু তাঁর প্রশ্ন, এমন পরিস্থিতিতে দলের শীর্ষ নেতারা কোথায়? অমরনাথের অভিযোগ, 'সিপিআইএমের প্রচারের পাল্টা প্রচার বা রাজনৈতিক প্রতিবাদ; কিছুই হচ্ছে না।' তাঁর মতে, দলের বড় নেতাদের আরও সক্রিয়ভাবে মাঠে নামা প্রয়োজন।
এর পরেই সোশ্যাল মিডিয়া নিয়ে দলের নেতাদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন ওন্দার বিধায়ক। তাঁর অভিযোগ, সকাল থেকে রাত পর্যন্ত দলের একাংশের নেতারা নিজেদের প্রচার নিয়েই ব্যস্ত। রিল তৈরি করা, ফলোয়ার বাড়ানো এবং ফ্যান ক্লাব তৈরি করাই যেন তাঁদের প্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে।
‘সরকার আসতেই বৈভব বেড়েছে’, কটাক্ষ
অমরনাথের ফেসবুক পোস্টে দলের ক্ষমতায় আসার পর নেতাদের জীবনযাত্রা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তাঁর অভিযোগ, সরকার ক্ষমতায় আসার পরেই কিছু নেতার ‘বৈভব’ বেড়ে গিয়েছে। দলের সাংগঠনিক কাজের প্রতি তাঁদের দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
এমনকি নিজের পোস্টে দলের ভবিষ্যৎ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অমরনাথ।
‘কোনও নেতার অনুগামী নয়, দলের অনুগামী হন’
বিজেপি কর্মীদের উদ্দেশেও বার্তা দিয়েছেন ওন্দার বিধায়ক। কোনও নির্দিষ্ট নেতার অনুগামী না হয়ে আগে দলের অনুগামী হওয়ার আবেদন জানিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, নেতারা আসবেন, যাবেন, কিন্তু দল থেকে যাবে।
নিজের রাজনৈতিক জীবনের কথাও পোস্টে উল্লেখ করেছেন অমরনাথ। তাঁর দাবি, জীবনের দীর্ঘ সময় বিজেপির জন্য উৎসর্গ করেছেন তিনি। পরিবার, পরিজন এবং ব্যক্তিগত জীবনের অনেক কিছু পিছনে রেখে সংগঠনের জন্য কাজ করেছেন বলেও জানিয়েছেন। বাম আমলের দীর্ঘ সময় এবং তৃণমূলের আমলেও নানা প্রতিকূলতার মধ্যে কাজ করার কথা উল্লেখ করেছেন তিনি।