ভাটপাড়ায় বিজেপি কর্মীকে গুলিফের উত্তেজনা ভাটপাড়ায়। বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও একটুর জন্য বিজেপি কর্মীর গায়ে গুলি লাগেনি। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে জগদ্দল বিধানসভার ৩৫ নম্বর ওয়ার্ডে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, জগদ্দল থানার অন্তর্গত বড় শ্রীরামপুর অঞ্চলে গতকাল রাতে বিজেপি কর্মী রাজু কুমার সাউ বাড়ির সামনে বসে গল্প করছিলেন। অভিযোগ, সেই সময় সেখানে আসেন সুজিত চৌধুরী ওরফে কালুয়া ও তাঁর দলবল। প্রথমে বিজেপি কর্মীদের গালিগালাজ করা হয়। তারপরে বন্দুক বার করে রাজুকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এক রাউন্ড গুলি চালানো হয়। ভোটের আগে ২৩ মার্চ রাজু কুমার সাউ এবং তাঁর পরিবারের উপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনাতেও সুজিত জড়িত ছিলেন। এই ঘটনায় তিনি জেলও খেটেছেন। জেল থেকে বেরিয়ে এসে ফের তিনি এলাকায় তাণ্ডব শুরু করেন বলে অভিযোগ। পুলিশের কাছে অভিযোগ করায় ক্ষোভ গিয়ে পরে রাজুর উপর।
রাজু কুমার সাউদের অভিযোগ, বিজেপি করেন বলেই তাঁদের উপর এই আক্রমণ হচ্ছে। এই ঘটনায় সুজিত চৌধুরী ওরফে কালুয়া-সহ দু’জনকে গ্রেপ্তার করেছে জগদ্দল থানার পুলিশ। রাজু সাউ বলেন, “দুটি বাইকে ৫ জন এসে এই হামলা চালিয়েছে। মুখ ঢেকে এই হামলা চালানো হয়। তৃণমূলের গুন্ডা কালুয়া এই হামলা চালায়। এরপর আমাকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। আমি পালিয়ে বাঁচি। আমাকে মারার পরিকল্পনা করেছে। আতঙ্কে রয়েছি। পরে তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। তদন্তকারীরা হামলার নেপথ্যের উদ্দেশ্য, অভিযুক্তের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ এবং ঘটনার সঙ্গে অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন। পুলিশের দাবি, তদন্তের স্বার্থে সমস্ত সম্ভাবনাই বিবেচনায় রাখা হচ্ছে।
এই ঘটনার মধ্যেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আওতায় আরও একটি গ্রেফতারিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিহাটি পুরসভার সুখচর এলাকার একটি আবাসনের বাসিন্দা ব্যবসায়ী সুশান্ত সরকারকে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ এবং প্রতারণার একটি মামলায় গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। শুক্রবার তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের পর শনিবার গ্রেপ্তার দেখানো হয় এবং পরে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র সংক্রান্ত অভিযোগ ছাড়াও প্রতারণার মামলার তদন্ত চলছিল।ভাটপাড়ার গুলিকাণ্ড এবং খড়দহের এই গ্রেফতারি—দুই ঘটনাকেই ঘিরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক আবহ আবারও সরগরম হয়ে উঠেছে। শাসকদল বদলালেও রাজনৈতিক সংঘর্ষের সংস্কৃতি কতটা বদলেছে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বিজেপি নেতৃত্ব তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগে সরব হলেও বিরোধী শিবির সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। অন্যদিকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও সম্ভাবনাকেই উড়িয়ে দিতে নারাজ পুলিশ। ফলে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা যেমন তীব্র হচ্ছে, তেমনই তদন্তের অগ্রগতির দিকেও এখন নজর থাকছে সকলের।
রিপোর্টার-দীপক দেবনাথ