রাজারহাট বিস্ফোরণরাজারহাটের দক্ষিণ নারায়ণপুরে একটি ভাড়া বাড়িতে সন্দেহজনক দেশি বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সন্ধ্যায় এই বিস্ফোরণের ঘটনায় একজন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, পাশের দু'টি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় ২ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তাদেরকে ঘরের ভিতর ঢুকে একটি ব্যাগ রাখতে দেখা যায় CCTV ফুটেজে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুপারি বাগানের ভিতরে অবস্থিত একতলা বাড়িটি সম্প্রতি কামারহাটির এক বাসিন্দা ভাড়া নিয়েছিলেন। প্রতিবেশীদের দাবি, শুক্রবার সন্ধ্যায় দু'জন একটি ব্যাগ নিয়ে ওই ঘরে ঢোকে। ব্যাগটি রেখে তারা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনায় ঘরের ভিতরে থাকা ওই ব্যক্তি আহত হন।
খবর পেয়ে নারায়ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই দুই সন্দেহভাজনকে আটক করেছে।
বিধাননগর পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের প্রকৃত কারণ এবং কারা ওই ব্যাগটি ঘরে রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করার চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
স্থানীয়রা জানাচ্ছেন, বিস্ফোরণের তীব্রতায় ওই বাড়ির গ্রাউন্ড ফ্লোরের দেওয়াল ও দরজা ভেঙে চুরমার হয়ে যায়। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় গোটা বাড়িটাই। বিস্ফোরণের পর দেখা যায়, বাড়ির ভিতরে একাধিক বোমা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ইতিমধ্যে বিস্ফোরণের মুহূর্তের সিসিটিভি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই ফুটেজ খতিয়ে দেখেই পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়ির ভেতরে প্রচুর পরিমাণে বোমা মজুত করা ছিল এবং তা ফেটেই এই বিপত্তি। তবে এর নেপথ্যে বড়সড় কোনও নাশকতার ছক ছিল কিনা, তা খতিয়ে দেখতে এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাঁদের বয়ান নেওয়া হচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
যৌথ তদন্ত শুরু করছে নারায়ণপুর এবং রাজারহাট থানার পুলিশ। এলাকাটি ঘন জনবসতিপূর্ণ হওয়ায় প্রশ্ন উঠছে স্থানীয়দের নিরাপত্তা নিয়ে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকার লোকজন।