প্রতীকী ছবি পুরুষ সঙ্গীর খোঁজেই নাকি বারবার অসমের জঙ্গলে পালিয়ে যাচ্ছে বিহার থেকে বক্সায় আনা বাঘিনী। এনক্লোজারে গর্ত খুঁড়ে দ্বিতীয়বার বাঘ উধাও হতেই এমন তথ্য সামনে এসেছিল। তাহলে 'ডুয়ার্স রানি' অন্তঃসত্ত্বা হল কবে? তার গর্ভপাত হল কী ভাবে? বারবার তাকে ঘুমপাড়ানি ওষুধ দেওয়াই কি কাল হল? প্রশ্ন একাধিক, কিন্তু উত্তর অধরা। আর রয়্যাল বেঙ্গল রহস্যের জট ছাড়াতে খানিক আলোকপাত করলেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু।
চার ধাপে 'ডুয়ার্স রানি'-কে বক্সার জঙ্গলে মুক্ত করা হয়। প্রথমে বিহারের বাল্মিকী ফরেস্টে তাকে চিহ্নিত করা হয়। এরপর ঘুমপাড়ানি গুলি, তারপর তাকে উড়িয়ে আনা হয় বক্সায় এবং শেষ পর্যন্ত ২ অক্টোবর টাইগার রিজার্ভের এনক্লোজারের দরজা খুলে দেওয়া হয় তার জন্য।
কিন্তু জানা গেল, গত ৭ নভেম্বর বক্সাতেই বাঘিনীর প্রথম সন্তানদের গর্ভপাত হয়েছে! চমকে দেওয়ার মতো এই তথ্যের নেপথ্যে থাকা টাইমলাইন আরও অবাক করছে। গত ২১ অক্টোবর বাঘিনী বক্সা থেকে বেরিয়ে ঢুকে পড়েছিল অসমের রায়মনা জঙ্গলে। এরপর ৩ নভেম্বর সন্ধ্যায় রায়মনা জঙ্গলের লৌসা নদীর ধারের একটি ঝোপ থেকে তাকে ফেরানো হল বক্সায়। বাংলার বনমন্ত্রী নিজে গিয়েছিলেন ‘ডুয়ার্স রানি’–কে ফেরাতে। এই ফেরানোর প্রক্রিয়াতেও ব্যবহার করা হয় ট্র্যাঙ্কুলাইজার।
কিন্তু ঘরে বেশিদিন মন টিকল না তার। বাঘিনী ফের ৮ নভেম্বর দিল ছুট। ঠিক তার আগের দিনই বক্সার এনক্লোজারে গর্ভপাত হয় তার। জানা যায়, মাস দু'য়েকের ৩টি ভ্রূণ নষ্ট হয়ে গিয়েছে। সেগুলিকে ইতিমধ্যেই সংরক্ষণ করা হয়েছে।
এরপর ৯ নভেম্বর বিশেষ কমিটি গঠন করে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেন রাজ্যের এক শীর্ষ বনকর্তা। কিন্তু তারপরও এমন কিছু প্রশ্ন থেকে যাচ্ছে, যার সঠিক উত্তর মিলছে না। আচমকা নতুন এলাকায় মানিয়ে নেওয়ার চাপ নিতে পারছিল না বাঘিনী? তিন তিনটি ট্র্যাঙ্কুলাইজার প্রয়োগ করার ধকল সইতে না পেরেই কি গর্ভপাত? মনিটরিংয়ের দায়িত্ব থাকা বনকর্মীরা বাঘিনী অন্তঃসত্ত্বা জানতেন? জেনে থাকলে ট্র্যাঙ্কুলাইজার প্রয়োগের সময়ে কী সতর্কতা নেওয়া হয়েছিল?
এ প্রসঙ্গে বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু বলেন, 'কোনও বাঘিনী যদি অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রামে ঢুকে পড়ে, সে ক্ষেত্রে তো তাকে ট্র্যাঙ্কুলাইজ করেই উদ্ধার করতে হবে। কিন্তু ট্র্যাঙ্কুলাইজেশনের একটা প্রোটোকল রয়েছে। ক্যাটামিন নামে যে ওষুধ দিয়ে বাঘকে ঘুম পাড়ানো হয়, সেটি ক্ষতিকারক না হলেও ফ্রিকোয়েন্সি মেনে দেওয়া উচিত। দিনের মধ্যে কতবার দেওয়া যায় এই ওষুধ, অনেক সময়ে সেই প্রোটোকল মানা হয় না, তখনউ গণ্ডগোল হয়।'
২ মাসের ভ্রূণ যখন, তখন বাঘিনী যে বাল্মিকী ফরেস্টেই অন্তঃসত্ত্বা ছিল, তা বুঝতে আর বাকি থাকে না। তবে ২৯ সেপ্টেম্বর যখন তাকে বক্সায় উড়িয়ে আনার জন্য চিহ্নিত করা হল, তখন বনকর্তারা কি তার সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি বুঝতে পারেননি? আল্ট্রাসাউন্ড টেস্ট হয়েছিল কি? নাকি কেবলমাত্র ভিজ্যুয়াল কনফার্মেশনের মাধ্যমেই বাঘিনীকে বক্সায় নিয়ে আসা হয়? এই প্রশ্নগুলির কোনও সদুত্তর মেলেনি।
আবার বিহার থেকে বক্সায় আনার মাঝে ঘুমপাড়ানি গুলির প্রভাবে ১৮ ঘণ্টা ঝিমিয়ে ছিল বাঘিনী। কিন্তু তারপর উঠে লোহার খাঁচার মধ্যে উত্তেজিত হয়ে নিজেকেই নিজে জখম করে সে। রেডিও কলারও খুলে ফেলে। তখন তার মানসিক অবস্থায় কেন যাচাই করা হল না? পরবর্তীতে বক্সার এনক্লোজারে শরীরের জখম পরীক্ষা করে অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়েছিল। সেখানেও কেন বোঝা গেল না, বাঘিনি অন্তঃসত্ত্বা?
বন্যপ্রাণ বিশেষজ্ঞদের একাংশের দাবি, গর্ভপাতের পরে মানসিক যন্ত্রণা কাটাতেই এনক্লোজার থেকে বাইরে বের হওয়ার পথ খুঁজছিল 'ডুয়ার্স রানি'। আর তাই ফের বেরিয়ে পড়ে। রাজ্যের বনমন্ত্রী দাবি করেছেন, 'ভাল আছে ডুয়ার্স রানি। বিহারের ফিট সার্টিফিকেট পেয়েই ওকে এনেছিলাম। সব দিক তদন্ত হচ্ছে।' তবে আদৌ কি যন্ত্রণা ভুলতে পেরেছে সন্তানহারা রয়্যাল বেঙ্গল, রহস্য থাকছেই।