Chandannagar Jagadhatri Puja: ষষ্ঠীতেই থিকথিকে ভিড়, জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ বন্ধই করতে হল, চন্দননগরে মোতায়েন আধাসেনা

পদপিষ্টের মতো ঘটনার যাতে কোনওরকম পুনরাবৃত্তি না হয়, তার জন্য আগাম বন্দোবস্ত করা হয়েছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয়। তাই ভিড় বাড়তে থাকায়, পরিস্থিতি বেগতিক দেখে ষষ্ঠীর রাতই বন্ধ করে দেওয়া হল দুই জগদ্ধাত্রী মণ্ডপ।

Advertisement
ষষ্ঠীতেই থিকথিকে ভিড়, জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ বন্ধই করতে হল, চন্দননগরে মোতায়েন আধাসেনাচন্দননগর জগদ্ধাত্রী পুজো
হাইলাইটস
  • চোরবাগান কাণ্ড থেকে শিক্ষা
  • ভিড় বাড়তেই বন্ধ জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ
  • চন্দননগরে মোতায়েন আধাসেনা

চোরবাগান কাণ্ডের পর থেকেই উৎসবে ভিড় নিয়ে তটস্থ প্রশাসন। বিভীষিকাময় ওই পদপিষ্টের মতো ঘটনার যাতে কোনওরকম পুনরাবৃত্তি না হয়, তার জন্য আগাম বন্দোবস্ত করা হয়েছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয়। তাই ভিড় বাড়তে থাকায়, পরিস্থিতি বেগতিক দেখে ষষ্ঠীর রাতই বন্ধ করে দেওয়া হল দুই জগদ্ধাত্রী মণ্ডপ। 

ষষ্ঠীর রাত থেকেই মানকুণ্ডু ও চন্দননগরের বিভিন্ন পুজো মণ্ডপে উপচে পড়েছে দর্শনার্থীদের ভিড়। জগদ্ধাত্রী পুজোয় নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। তাই পরিস্থিতি সামাল দিতে রাত ৮টার পর মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয় প্রশাসন। বন্ধ করা হয়েছে সার্কাস মাঠের পুজো মণ্ডপও। ষষ্ঠীর বিকেল থেকেই মানকুণ্ডু স্টেশন রোড এবং সার্কাস মাঠ সংলগ্ন এলাকায় দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করে। সন্ধ্যা গড়াতেই সেই ভিড় কার্যত জনসমুদ্রে পরিণত হয়। রাত ৮টার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একাধিক পুজো মণ্ডপের সামনে দর্শনার্থীদের চাপ সামলাতে হিমশিম খেতে হয় পুলিশ ও প্রশাসনকে। সে কারণেই বন্ধ করা হয় দর্শনার্থীদের প্রবেশ। 

স্থানীয়দের একাংশের অভিযোগ, মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপ পরিদর্শনে পৌঁছন কেন্দ্রীয় নেতা সুনীল বনসল, সাংসদ জ্যোতির্ময় মাহাতোরা। তাঁদের কনভয় মণ্ডপ সংলগ্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। অতিরিক্ত ভিড়ের মধ্যে হুড়োহুড়ি থেকে বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় দ্রুত পদক্ষেপ করে প্রশাসন।  পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভিড় নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত কার্যকর রাখা হবে। 

পাশাপাশি চন্দননগর এবং ভদ্রেশ্বরে জগদ্ধাত্রী পুজোর নিরাপত্তায় এই প্রথম মোতায়েন করা হয়েছে ৬ কোম্পানি আধাসেনা। ৩ হাজার পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। দুর্গাপুজোয় চোরবাগানের ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

নিরাপত্তার স্বার্থে চন্দননগর ও ভদ্রেশ্বরের পুজোগুলিকে মোট ৫টি জোনে ভাগ করা হয়েছে। ১১টি সেক্টরে ভাগ করে দায়িত্ব বণ্টন করা হয়েছে। প্রতিটি সেক্টরের নিরাপত্তা ও নজরদারির দায়িত্বে থাকছেন ডিসিপি এবং এসিপি পদমর্যাদার আধিকারিকরা।  চন্দননগরের আলোকসজ্জা ও প্রতিমা দেখতে প্রতি বছরই বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। ষষ্ঠীর সন্ধ্যাতেই মানকুণ্ডুর পরিস্থিতি প্রশাসনকে আরও সতর্ক করে দিয়েছে। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement