অনন্ত মহারাজকে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রী রাসমেলা উপলক্ষে কোচবিহার গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই মেলার উদ্বোধন মঞ্চে ছিল চমক। অনন্ত মহারাজ ওরফে নগেন রায়কে সম্বর্ধনা জানিয়ে বুকে জড়িয়ে ধরতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অসম্মানজনক মন্তব্য বিতর্কের পর তাঁর 'বঙ্গবিভূষণ' সম্মান কেড়ে নেওয়া হয়েছিল। তবে বয়সের কথা মাথায় রেখে সাংসদকে কার্যত ক্ষমাই করে দিয়েছিলেন শুভেন্দু। এ বার মঞ্চে তাঁকে জড়িয়ে ধরার পর থেকেই রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
তবে বুধবার কোচবিহারের ল্যান্সডাউন হলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজবংশী সম্প্রদায়ের একাধিক সংগঠনকে নিয়ে যে বৈঠক করেন তাতে দেখা যায়নি অনন্ত মহারাজকে। এরপর মুখ্যমন্ত্রী রাজবাড়ির সামনে থেকে হাতি-ঘোড়া-পালকি সহকারে শোভাযাত্রায় অংশ নেন। মদনমোহন মন্দিরে পুজো দিয়ে রাসমেলার মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই মঞ্চে তাঁকে অনন্ত মহারাজকে বুকে জড়িয়ে ধরতে দেখা যায়।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে BJP সাংসদ বলেন, 'আমি যে মঞ্চে রয়েছি, তিনি দেখেননি প্রথমে। আমি পিছনে ছিলাম, উনি জানতে পেরে মাফ চাইলেন। বললেন, সরি মহারাজ আমি আপনাকে দেখিনি। তারপর ডেকে নিলেন।'
উল্লেখ্য, নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজকে নিয়ে তাঁর মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুকথা বলার ফলস্বরূপ অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' সম্মান কেড়ে নিয়েছিল BJP সরকার।
বিতর্কের সূত্রপাত হয়েছিল রাজ্যসভার সাংসদ নগেন রায়ের একটি মন্তব্য ঘিরে। তিনি বলেছিলেন, 'কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভারত তথা সারা পৃথিবীকে স্বাধীন করে দিয়ে গিয়েছিলেন। তাঁকে সম্রাট বানানো হলে হিন্দুস্তান-পাকিস্তান হতো না। আমাদের মহারাজা হিটলার এবং আজাদ হিন্দ ফৌজকে ধ্বংস করেছেন। নেতাজির বাপের শক্তি আছে নাকি আজাদ হিন্দ ফৌজ বানায়। ওগুলো সব ব্রিটিশ সৈন্য। জার্মান ওদের বন্দি বানিয়ে নিয়ে গিয়েছিল, তারপর তাদেরকেই নেতাজিকে দিয়েছিল। আর নেতাজি সেটার অপব্যবহার করেছে।'
পরবর্তীতে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করার পর তিনি ক্ষমা চান। শুভেন্দু বলেছিলেন, 'উনি ক্ষমার অযোগ্য কাজ করেছেন। তবে উনি রাজ্যসভার বর্ষীয়ান সদস্য। ওঁর বয়সের কথা মাথায় রেখেই আমি বলছি, নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি ক্ষমা চেয়ে নিয়েছেন, ভাল করেছেন।'