Suvendu Adhikari: ৫ বছরে কোথায় নিয়ে যাবেন পশ্চিমবঙ্গকে? টার্গেট বলে দিলেন শুভেন্দু

৫ বছরে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর টার্গেট ঠিক কী? রাজ্যকে কোথায় নিয়ে যেতে চাইছেন? বলে দিলেন নিজেই।

Advertisement
৫ বছরে কোথায় নিয়ে যাবেন পশ্চিমবঙ্গকে? টার্গেট বলে দিলেন শুভেন্দু শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে যাবেন?
হাইলাইটস
  • ৫ বছরে পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • তাঁর টার্গেট ঠিক কী?
  • রাজ্যকে কোথায় নিয়ে যেতে চাইছেন?

পাঁচ বছরের মধ্যে রাজ্যকে কোথায় পৌঁছে দিতে চান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? সেই বিষয়ে নিজের টার্গেট সেট করলেন মুখ্যমন্ত্রী। তিনি মনে করেন, প্রায় ৫০ বছরের বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের শাসনে পশ্চিমবঙ্গ একটি নির্ভরশীল রাজ্যে পরিণত হয়েছে। তাই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথেই বাংলাকে স্বনির্ভর করতে চাইছেন। সেই মতো আগামী ৫ বছরে উন্নয়নের জোয়ার আনতে চাইছেন তিনি। তাই গুজরাতের মতো হয়ে ওঠার চেষ্টা করতে হবে বলে মনে করছেন তিনি। 

ইন্ডিয়ান মিউজিয়ামে সেবা সংকল্প অভিযানের আয়োজিত একটি প্রদর্শনীতে বক্তব্য রাখছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে গুজরাতের ভূয়সী প্রশংসা করেন তিনি। তাঁর মুখে সেই গুজরাত মডেল। সেই সঙ্গে বাম ও তৃণমূল আমলকে করেন আক্রমণ।

শুভেন্দু বলেন, 'বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের ৫০ বছরের শাসনে পশ্চিমবঙ্গ একটি নির্ভরশীল রাজ্যে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশায় আমরা বাংলাকে স্বনির্ভর রাজ্যে পরিণত করার কাজ করছি।'

নিজের সম্পর্কে বলতে গিয়ে তাঁর মন্তব্য, 'আগামী পাঁচ বছরে পশ্চিমবঙ্গকে গুজরাতের মতো করে তোলার চেষ্টা করা যাক। পুরোপুরি না হলেও অন্তত ৫০ শতাংশ টার্গেটে পৌঁছনো উচিত।' আর এই লক্ষ্যও যদি পূরণ হয়, তাহলেও রাজ্যের অনেকটাই উন্নতি হবে বলে মনে করেন তিনি।

এরপরই রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির জয় নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ওই দুই কেন্দ্রের মানুষ সাম্প্রদায়িকতার দেওয়াল ভেঙে দিয়েছেন।

তাঁর কথায়, 'রেজিনগর ও নন্দীগ্রামের প্রতিটি বুথেই প্রধানমন্ত্রীর উন্নয়ন এবং রাজ্য সরকারের উপর মানুষের আস্থার প্রতিফলন দেখা গিয়েছে।'

শুভেন্দু আরও দাবি করেন, তৃণমূল সরকার মানুষের ভাষা ও আঞ্চলিক পরিচয়ের ভিত্তিতে বিভাজন করেছে। বিজেপির জাতীয়তাবাদীরা সেই রাজনীতিকে পরাস্ত করেছেন। যার ফলে দুই বিধানসভা কেন্দ্রেই রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে বিজেপি।

এই সময় গুজরাতের মেহসানা জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মস্থান ভদনগরে তাঁর সাম্প্রতিক সফরের প্রসঙ্গও তুলে ধরেন শুভেন্দু। 

Advertisement

শুভেন্দু বলেন, 'গুজরাতের ভদনগরে সেবা সংকল্প অভিযানের মূল কর্মসূচির অধিবেশনে যোগ দিতে পারা আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি।'

তাঁর দাবি, সেবা সংকল্প অভিযান আয়োজনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ খুব ভাল কাজ করেছে। দেশের দীর্ঘতম সময় ধরে দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। শীঘ্রই তৃতীয় স্থানে পৌঁছবে বলেও মন্তব্য করেন তিনি।

 

POST A COMMENT
Advertisement