অন্নপূর্ণা ভাণ্ডার এখনও পর্যন্ত ১ কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকে গিয়েছে। তবে অনেকেই রয়েছেন, যাঁরা ফর্ম ফিলআপ করেও বঞ্চিত। কেন বাদ পড়লেন ওই মহিলারা, তা নিয়ে সঠিক ভাবে কোনও তথ্যও হাতে পাননি তাঁরা। অথচ স্টেটাস চেক করতে গেলেই স্ক্রিনে লেখা ভেসে উঠছে, 'Under Enquiry'। এই নিয়ে এবার বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সোমবার উত্তরবঙ্গ সফর থেকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারিখ উল্লেখ করে জানিয়ে দিলেন, 'Under Enquiry' যাঁদের দেখাচ্ছে, তাঁরা কবে পাবেন ৩ হাজার টাকা।
এদিন শুভেন্দু বলেন, 'অন্নপূর্ণা যোজনার টাকা অনেকে পেয়েছেন, অনেকের Under Verification রয়েছে, অর্থাৎ তাঁদের ভেরিফিকেশন চলছে। আগামী ৩০ অগাস্টের মধ্যে এদের মধ্যে যোগ্যরাও নথিভুক্ত হয়ে যাবেন। যাঁদের আটকে রয়েছে, চিন্তার কারণ নেই, তাঁরা পেয়ে যাবেন যোগ্যতার ভিত্তিতে।'
পূর্বতন তৃণমূল সরকারের আমলে প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন মহিলারা। সাধারণ বা জেনারেল মহিলারা ১ হাজার ৫০০ টাকা পেতেন। তফশিলি জাতি, উপজাতির ১ হাজার ৭০০ টাকা পেতেন। ক্ষমতায় আসার আগেই BJP সংকল্পপত্রে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনা চালু করার কথা বলা হয়। সেইমতো বর্তমানে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাচ্ছেন মহিলারা।
তবে অনেকে ফর্ম ফিলআপ করলেও টাকা পাননি, দীর্ঘদিন ধরে অপেক্ষায় তাঁরা। কেন বাদ পড়লেন ওই মহিলারা, তা খতিয়ে দেখার কাজ চলছে। অন্নপূর্ণা যোজনার সমস্যা সমাধানে বিধায়কদের আসরে নামার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি শনিবারই বলেছিলেন, 'অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরাও বিতর্ক তৈরি চেষ্টা করছে। এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে, যাঁরা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা নয়। পারিবারিক আয় ১ লক্ষ টাকারও বেশি এরকমও অনেক নাম এই তালিকায় যুক্ত হয়েছে। আবার যাঁদের পাওয়ার কথা সেরকম অনেক নামও বাদ চলে গিয়েছে। শুধুমাত্র আধিকারিকদের উপরে ভরসা করলে হবে না। বিধায়কদের দায়িত্ব নিতে হবে এই তালিকার সংযোজন ও বিয়োজনে।' তাঁর আরও বক্তব্য, 'বিধায়কদের আরও জনসংযোগ বাড়াতে হবে। কী কী ভুল নাম যুক্ত হয়েছে এবং কাদের নাম যুক্ত হওয়া উচিত, সেই তালিকা দ্রুত তৈরি করতে হবে।'