
পশ্চিমবঙ্গে কী কোনও প্রভাব পড়বে?শীতের মুখে বঙ্গোপসাগরে দুর্যোগ। শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় আকভান (Cyclone Akvan)। এর প্রভাবে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে তামিলনাড়ুর চেন্নাই-সহ সাতটি জেলায় অ্যালার্ট জারি হয়েছে। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলেও প্রভাব পড়তে পারে। তবে পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও কি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে?
আবহাওয়া দফতরের লেটেস্ট পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। এটি ক্রমেই শক্তিশালী হচ্ছে। ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ১৭ নভেম্বর তা তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ১৯ নভেম্বরের রাতে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছতে পারে। তখন সেটি অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

চেন্নাইয়ে কোথায় বৃষ্টির আশঙ্কা?
আকভানের প্রভাবে ১৭ নভেম্বর থেকে চেন্নাই, তিরুভাল্লুর ও চেঙ্গলপট্টু-সহ তামিলনাড়ুর একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ১৮ ও ১৯ নভেম্বর উত্তর তামিলনাড়ু, পুদুচেরি ও কারাইকালেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় ১৯ ও ২০ নভেম্বর অতি ভারী বৃষ্টির আশঙ্কা। ওড়িশাতেও ১৯ থেকে ২১ নভেম্বর বৃষ্টি বাড়তে পারে।
পশ্চিমবঙ্গে কী কোনও প্রভাব পড়বে?
পশ্চিমবঙ্গে আকভানের সরাসরি প্রভাবের আশঙ্কা নেই। তবে পরোক্ষ প্রভাব পড়তে পারে। মূলত দক্ষিণবঙ্গে। ১৮ ও ১৯ নভেম্বর কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরের কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ১৯ থেকে ২১ নভেম্বর বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির অ্য়ালার্ট জারি হয়েছে। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টি হতে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৮ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গে দিনের ও রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। ফলে শীতের আমেজ সাময়িকভাবে কমতে পারে।