আকভানের জন্য কেমন থাকবে আবহাওয়া? (ছবি: পিক্সেলস)আকভানের শক্তি শেষ। এখন এই ঘূর্ণিঝড়টি নিম্নচাপে পরিণত হয়েছে। যার জেরে আজও বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। ভোর থেকেই ভিজছে কলকাতা। এমনকী একাধিক জেলায় বৃষ্টি চলছে। এমন পরিস্থিতিতে অনেকেরই প্রশ্ন, আজ সারাদিন কি এমনই থাকবে আবহাওয়া? বৃষ্টি চলবে? আর এই বিষয়টা নিয়ে বিশদে জানিয়েছে আবহাওয়া দফতর। তাদের পূর্বাভাস, আজও ভাল বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে রাজ্যের একাধিক জেলায়। তাই আর সময় নষ্ট না করে আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট জেনে নিন।
আকভানের কী খবর?
ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি-এর লেটেস্ট আপডেট বলছে, ঘূর্ণিঝড় আকভান-এর অবশিষ্টাংশ হিসেবে তৈরি হওয়া নিম্নচাপটি (ডিপ্রেশন) দক্ষিণ উপকূলীয় ওড়িশা থেকে উত্তর দিকে সরে গিয়েছে। এটি গতকাল, ২০ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৩০ মিনিটে মধ্য ওড়িশার উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৬ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি ওড়িশার উপর দিয়ে প্রায় উত্তর দিকে এগোবে। তারপর এটি আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপ অঞ্চলে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড় সংক্রান্ত এটিই শেষ বিশেষ বুলেটিন। তবে এই নিম্নচাপের বিষয়ে নিয়মিত আবহাওয়া বুলেটিন জারি করা হবে বলে জানিয়েছে আইএমডি।
দক্ষিণববঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
এই বিষয়টা নিয়েও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা ও হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যার জেরে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
অতিভারী বৃষ্টির জন্য সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও হাওড়ায়। পাশাপাশি বজ্রবিদ্যুতের দাপট দেখা যেতে পারে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।
মাথায় রাখতে হবে, আকভানের জেরে কয়েকদিন ধরেই উত্তাল রয়েছে সমুদ্র। যেই কারণে মৎস্য়জীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এছাড়া বিচে পর্যটকদের নামতে বারণ করা হচ্ছে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
যতদূর খবর, আজ উত্তরবঙ্গের একাধিক এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। বিশেষত, দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় মঙ্গলবার পর্যন্ত আকাশ কখনও মেঘলা আবার কখনও আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
এক্ষেত্রে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা এবং দুই দিনাজপুরে সোমবার ভোর পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে।
আবহাওয়ার উন্নতি কবে থেকে?
উইকএন্ডে বৃষ্টি থেকে রেহাই নেই। শনিবার ও রবিবার বৃষ্টি চলবে। তবে এই দুই দিনে ধীরে ধীরে কমবে বর্ষণ। সোমবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে।