Cyclone Forecast: ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কবে থেকে দুর্যোগ বাংলায়, কোন কোন জেলায় ভারী ঝড়বৃষ্টি? বিস্তারিত

ইতিমধ্যেই তৈরি হয়েছে নিম্নচাপ। সেটি আজই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর সেটি ঘূর্ণিঝড় হিসেবে বিপদ বাড়াতে পারে। যার ফলে বাংলায় রয়েছে দুর্যোগের সম্ভাবনা। কবে কোথায় হবে ঝড়বৃষ্টি? বিস্তারিত জেনে নিন।

Advertisement
ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, কবে থেকে দুর্যোগ বাংলায়, কোন কোন জেলায় ভারী ঝড়বৃষ্টি? বিস্তারিতঘূর্ণিঝড় কবে আসছে (ছবি: প্রতীকী)
হাইলাইটস
  • ইতিমধ্যেই তৈরি হয়েছে নিম্নচাপ
  • সেটি আজই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে
  • তারপর সেটি ঘূর্ণিঝড় হিসেবে বিপদ বাড়াতে পারে

বঙ্গোপসাগরে ইতিমধ্যেই তৈরি হয়েছে নিম্নচাপ। এটি আজই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আগামী কয়েক দিনের মধ্যেই শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। যার প্রভাব পড়তে পারে রাজ্যে। ২৮ থেকে ৩০ অক্টোবরের মধ্যে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। সেই সঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সর্বত্রই থাকবে একই ছবি। তাই আর সময় নষ্ট না করে ঘূর্ণিঝড়ের জন্য কোথায় কোথায় কবে দুর্যোগ হবে, সেটা জেনে নিন। 

ঘূর্ণিঝড়ের কী আপডেট? 
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ২৩ অক্টোবর পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে। সেটি আজ, অর্থাৎ ২৪ অক্টোবর গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে যাবে এটি। তারপর ২৫ অক্টোবর অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। আর ২৬ অক্টোবর সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আরও শক্তি বাড়িয়ে নেবে ঘূর্ণিঝড়টি। সেটি উত্তর অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যেতে পারে। শেষে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলের কাছে ঘূর্ণিঝড়টির স্থলভাগে এন্ট্রি নেওয়ার সম্ভাবনা রয়েছে। আর এই ঘূর্ণিঝড়ের জন্য তীব্র ঝড়বৃষ্টি হতে পারে বাংলায়। আসুন জেনে নেওয়া যাক, কবে কোথায় বৃষ্টি হবে? 

কোন দিন কোথায় বৃষ্টি? 
২৭ অক্টোবর, মঙ্গলবার

২৭ অক্টোবর থেকেই ঘূর্ণিঝড় বা নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া বিগড়ে যেতে পারে। ওই দিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবার উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। এই লিস্টে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর রয়েছে। 

যদিও এই দিন উত্তরবঙ্গে তেমন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া। 

Advertisement

২৮ অক্টোবর, বুধবার কেমন থাকবে আবহাওয়া?
এই দিন সাইক্লোন বা নিম্নচাপের প্রভাব অনেকটাই বাড়বে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। 

তবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। সেখানে ৭০-১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

এদিন অবশ্য দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে শুরু করে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। 

২৯ অক্টোবর, বৃহস্পতিবারের আবহাওয়ার আপডেট
এ দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সব জেলাতেই ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। 

এ দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষত, দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

দুর্যোগ ঘনিয়ে আসছে। যার ফলে উত্তাল থাকবে সমুদ্র। এই কারণে মৎস্যজীবীদের ২৭ অক্টোবর থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
 

 

POST A COMMENT
Advertisement