Deep Depression Weather: আজই গভীর নিম্নচাপ, কেমন থাকবে কলকাতা সহ সব জেলার আবহাওয়া? IMD আপডেট

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আজ আরও শক্তি বাড়াতে পারে। পরিণত হতে পারে গভীর নিম্নচাপে। এর ফলে কি কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টি হবে? নাকি শুষ্ক থাকবে আবহাওয়া? আইএমডি আপডেট জেনে নেওয়া যাক।

Advertisement
আজই গভীর নিম্নচাপ, কেমন থাকবে কলকাতা সহ সব জেলার আবহাওয়া? IMD আপডেটগভীর নিম্নচাপ তৈরি হতে পারে আজ, কেমন থাকবে আবহাওয়া (ছবি: পিক্সেলস)
হাইলাইটস
  • বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আজ আরও শক্তি বাড়াতে পারে
  • পরিণত হতে পারে গভীর নিম্নচাপে
  • এর ফলে কি কলকাতা ও পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টি হবে?

ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে নিম্নচাপ। সেটি আজ, শনিবারই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এমনকী আগামী কিছুদিনের মধ্যে সেটি ঘূর্ণিঝড়েও পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে। যেই কারণে দুর্যোগের আশঙ্কায় রয়েছেন বঙ্গবাসী। এখন প্রশ্ন হল, নিম্নচাপের জেরে শনিবার, ২৪ অক্টোবর কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া? উত্তরবঙ্গে কি বৃষ্টি হবে? আর এই বিষয়টা নিয়ে নিজেদের মতামত জানিয়েছে আবহাওয়া দফতর। আইএমডি জানিয়েছে, ২৪ অক্টোবর দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির আশঙ্কা খুবই কম। উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জন্য আগামী সপ্তাহে বিগড়ে যেতে পারে আবহাওয়া।

তাই আর সময় নষ্ট নয়, বরং কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে, তা জেনে নিন। 

কলকাতার আবহাওয়া কেমন থাকবে? 
শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। যদিও আকাশে মেঘের দেখা মিলতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রির আশপাশে। তাই আজ যে মোটের উপর ভাল আবহাওয়া থাকবে, এই কথা তো বলাই বাহুল্য।

দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় কী হবে? 
শনিবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। এই সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকতে পারে। 

এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াও বর্ষণের মুখ দেখবে না। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। বড়জোর ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। 

উত্তরবঙ্গের আবহাওয়া 
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার ও মালদার মতো জেলাতেও আজ বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। মূলত পরিষ্কার থাকবে আকাশ। যার ফলে পাহাড় থেকে দারুণ দৃশ্য দেখা যেতে পারে। বৃষ্টির জন্য সমস্যায় পড়তে হবে না। 

ঘূর্ণিঝড়ের কী খবর? 
নিম্নচাপ নিয়ে ইতিমধ্যেই আপডেট দিয়েছে আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, ২৩ অক্টোবর শুক্রবারই দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে। এটি ২৪ অক্টোবরের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে এটি আরও শক্তি বাড়াতে পারে। তখন এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ উত্তর অন্ধ্রপ্রদেশ ও সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে হতে পারে। যার জন্য ২৭ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ২৮ ও ২৯ অক্টোবর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement