বক্সার জঙ্গল থেকে ফের পালাল বাঘিনী না, ডুয়ার্সের জঙ্গল মোটে পছন্দ হচ্ছে না বিহার থেকে আসা বাঘিনীর। অসম থেকে ফিরিয়ে আনার দিন পাঁচেকের মধ্যেই ফের পগার পার। আর যেমন তেমন করে নয়, এনক্লোজারে রীতিমতো সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে গেল 'ডুয়ার্স রানি'।
কী ভাবে পালাল 'ডুয়ার্স রানি'?
কালীপুজোর দুপুরে সুযোগ বুঝে, এনক্লোজারের নীচের মাটি আঁচড়ে খুঁড়ে বাইরে বেরিয়ে আসে বাঘিনী। রেডিও কলারের সঙ্কেত পরীক্ষা করতে গিয়েই বাঘিনীর এনক্লোজারের বাইরের ভিডিও নজরে আসে বনকর্মীদের। রেডিও কলারের শেষ সিগন্যাল বলছে, বালা নদী পেরিয়ে ফের অসমের দিকেই এগিয়ে গিয়েছে সে। এখনও পর্যন্ত তার অবস্থান সম্পর্কে সঠিক হদিশ মেলেনি। তবে বনকর্মীদের ধারণা, জয়ন্তী, রায়ডাক, সঙ্কোশ নদী পেরোতে পারলেই অসমের রায়মনা অভয়ারণ্যে পৌঁছে যেতে পারে সে। কিন্তু তাকে কোনও ভাবেই ট্র্যাক করা যাচ্ছে না।
বক্সার জঙ্গল নাপসন্দ বাঘিনীর?
প্রশ্ন উঠছে, কেন বারবার অসমের দিকেই পাড়ি দিচ্ছে 'ডুয়ার্স রানি'। এনক্লোজারে তার থাকার জন্য জল, খাবার, এমনকী চিতল হরিণেরও ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কেন বক্সার জল-হাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পারছে না সে?
বক্সায় বাঘের সংখ্যা বাড়াতে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে বন দফতর। কিন্তু যে বাঘিনীকে কেন্দ্র করে এত আয়োজন, সে তো থাকতেই চাইছে না এই জঙ্গলে। বিশেষজ্ঞরা বলছেন, বারবার অসমের দিকে যাওয়ার চেষ্টা নেপথ্যে থাকতে পারে পরিচিত বিচরণক্ষেত্রের প্রতি টান। অথবা অন্য কোনও পরিবেশগত কারণও থাকতে পারে। আবার অসমে কোনও পুরুষ বাঘের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছিল কি না, তা নিয়েও বনকর্তাদের মধ্যে একটা সন্দেহ আছে। তবে এর কোনও নিশ্চিত প্রমাণ সামনে আসেনি। বক্সায় পর্যাপ্ত শিকার, নিরাপদ বিচরণক্ষেত্র, উপযুক্ত আবাসস্থল এবং প্রাকৃতিক করিডর কতটা নিশ্চিত করা গিয়েছে, সেই প্রশ্নও গুরুত্বপূর্ণ।
এখন বনকর্মীদের লক্ষ্য একটাই, ডুয়ার্স রানিকে খুঁজে বের করা। কিন্তু শুধু তাকে আবার ধরে এনে এনক্লোজারে আটকে রাখলেই কি সমস্যার সমাধান হবে? নাকি বাঘিনীর স্বাভাবিক বিচরণ, পছন্দের আবাসস্থল এবং নিরাপদ চলাচলের পথ নিয়ে নতুন করে ভাবতে হবে?
গত ২৭ সেপ্টেম্বর বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে ৩ বছরের বাঘিনীকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয়। ৩০ সেপ্টেম্বর বক্সা ব্যাঘ্র প্রকল্পের ২৫ মাইল এলাকায় প্রায় সাত বিঘা জমির উপর তৈরি বিশেষ এনক্লোজারে রাখা হয় তাকে। ২ অক্টোবর এনক্লোজারের দরজা খুলে দেওয়া হলেও ৪ অক্টোবর সেখান থেকে বেরিয়ে সঙ্কোশ নদী পেরিয়ে ১০০ কিমি পথ অতিক্রম করে অসমের রায়মনা জঙ্গলে পৌঁছে গিয়েছিল সে।
৩ নভেম্বর অসমের কোকরাঝাড় জেলার দোতমা এলাকার গিলাগুড়িতে পশ্চিমবঙ্গ ও অসমের বন দফতর যৌথ অভিযান চালায়। ৩টি কুনকি হাতির সাহায্যে ২ ঘণ্টার চেষ্টায় ফের ট্রাঙ্কুলাইজ করা সম্ভব হয়। ঘুমপাড়ানি ওষুধের প্রয়োগ তার শরীরে কতটা প্রভাব ফেলছে, তা নিয়েও ভাবনা রয়েছে বনকর্তাদের।