ইসকন মায়াপুর রুম বুকিং ভুয়ো ওয়েবসাইট খুলে মায়াপুরে রুম বুকিংয়ের নামে ইসকনের ভক্তদের সঙ্গে বড়সড় প্রতারণার অভিযোগ। এই ঘটনায় FIR দায়ের করেছে ইসকন কর্তৃপক্ষ। একইসঙ্গে ভুয়ো ওয়েবসাইটের ফাঁদের পা না দিয়ে কীভাবে মায়াপুরে রুম বুক করবেন ভক্তরা, সেটিরও বিস্তারিত তথ্য দিয়েছে তারা।
ঠিক কী হয়েছে?
ভারত এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ইসকন ভক্তদের মায়াপুরে রুম বুকিংয়ের নামে প্রতারণা করা হয়েছে বলে দাবি। অভিযোগ, প্রতারকরা একাধিক ভুয়ো ওয়েবসাইট ও হোয়াটসঅ্যাপ ভিত্তিক বুকিং চ্যানেল খুলে মায়াপুরের পরিচিত আবাসন কেন্দ্র, প্রভুপাদ ভিলেজ, ইসোদ্যান, গাদা ভবন, কঞ্চ ভবন ও গীতা ভবনে ঘর দেওয়ার জন্য টাকা তুলেছে।
এমন একটি ভুয়ো ওয়েবসাইট হল, www.prabhupadvillage.com. ইসকনের কলকাতা শাখার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস জানিয়েছেন, এই ভুয়ো ওয়েবসাইট সক্রিয় রয়েছে এবং এটি থেকে মায়াপুরে ঘোরানো এবং রুম বুকিংয়ের নামে ভক্তদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তিনি বলেন, 'এই ওয়েবসাইটগুলি দেখতে অত্যন্ত পেশাদার এবং বিশ্বাসযোগ্য। উৎসবের সময়ে ঘরের চাহিদা বেশি থাকায় তারা কখনও ছাড় বা বিশেষ সুবিধার প্রলোভন দেখায়। পুরো টাকা দেওয়ার পর হঠাৎ উধাও হয়ে যায়। মানুষ অনলাইনে মরিয়া হয়ে খোঁজ করতে গিয়ে এই ভুয়ো পোর্টালের ফাঁদে পড়ছেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে, অনেক সময় বিদেশ থেকেও পরিবার সহ মায়াপুরে এসে জানতে পারছেন তাঁদের বুকিং আদৌ হয়নি, সবটাই অস্তিত্বহীন।'
কোন ওয়েবসাইট থেকে রুম বুক করবেন?
রাধারমন দাস জানিয়েছেন, মায়াপুরে রুম বুকিংয়ের জন্য একমাত্র সরকারি ও অনুমোদিত ওয়েবসাইট হল, https://www.visitmayapur.com. তিনি বলেন, 'এছাড়া কোনও ওয়েবসাইট, এজেন্ট, হোয়াটসঅ্যাপ নম্বর বা ফোন কলের মাধ্যমে বুকিং করা ঝুঁকিপূর্ণ।'