ফাইল ছবিভোটের আবহে এবার পাল্টে যাচ্ছে আবহাওয়ার ছবিও। একদিকে তীব্র গরম ও তাপপ্রবাহ, অন্যদিকে সামনে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দুইয়ের প্রভাবেই চিন্তা বাড়ছে সাধারণ মানুষের। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গজুড়ে গরমের দাপট অব্যাহত থাকবে।
২১ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে। বিশেষ করে পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বা তারও বেশি পৌঁছনোর আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকতে পারে, ফলে অস্বস্তিও বাড়বে।
তবে এই তীব্র গরমের মাঝেই মিলছে স্বস্তির ইঙ্গিত। ২৩ এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ-সহ বেশ কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, ২৫ এপ্রিল থেকে ঝড়-বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। ওই সময় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রপাত ও মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ২৬ ও ২৭ এপ্রিল নাগাদ এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।
উত্তরবঙ্গেও একই ছবি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-সহ বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৫ এপ্রিলের পর সেখানে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে।