ফর্ম ৬ পূরণ করেনি, ৬ বিধানসভায় নতুন ভোটার শূন্য, ভোটে আগ্রহ নেই Gen Z-র?

ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকা খতিয়ে দেখতে গিয়েই সামনে এসেছে উত্তর ২৪ পরগনা জেলার এক তাৎপর্যপূর্ণ এবং কিছুটা উদ্বেগজনক ছবি। জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে নতুন ভোটারের সংখ্যা একেবারে শূন্য।

Advertisement
ফর্ম ৬ পূরণ করেনি, ৬ বিধানসভায় নতুন ভোটার শূন্য, ভোটে আগ্রহ নেই Gen Z-র?প্রতীকী ছবি
হাইলাইটস
  • ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
  • সেই তালিকা খতিয়ে দেখতে গিয়েই সামনে এসেছে উত্তর ২৪ পরগনা জেলার এক তাৎপর্যপূর্ণ এবং কিছুটা উদ্বেগজনক ছবি।

ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেই তালিকা খতিয়ে দেখতে গিয়েই সামনে এসেছে উত্তর ২৪ পরগনা জেলার এক তাৎপর্যপূর্ণ এবং কিছুটা উদ্বেগজনক ছবি। জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে নতুন ভোটারের সংখ্যা একেবারে শূন্য।

জানা গেছে, খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল ১৬ ডিসেম্বর ২০২৫। এরপর প্রায় দু’মাস সময় দেওয়া হয় নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করার জন্য। নির্ধারিত নিয়ম অনুযায়ী, প্রথমবার ভোটার হিসেবে নাম তোলার জন্য ‘ফর্ম-৬’ পূরণ করে আবেদন করার সুযোগ ছিল। অবশেষে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। কিন্তু নির্বাচন কমিশনের তথ্য বলছে, উত্তর ২৪ পরগনার কয়েকটি বিধানসভা কেন্দ্রে সেই সুযোগ কার্যত কেউই নেননি।

জেলার বাদুড়িয়া, হাবড়া, নৈহাটি, নোয়াপাড়া, দমদম এবং বসিরহাট উত্তর, এই ৬টি বিধানসভা কেন্দ্রে নতুন ভোটারের আবেদন সংখ্যা শূন্য। অর্থাৎ নির্ধারিত সময়ের মধ্যে ওই কেন্দ্রগুলিতে একজনও নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার আবেদন করেননি। যদিও এখনও ফর্ম-৬ জমা নেওয়ার প্রক্রিয়া চালু রয়েছে।

অন্যদিকে, জেলার গাইঘাটা বিধানসভা কেন্দ্রেও নতুন ভোটারের সংখ্যা কার্যত নেই বললেই চলে, সেখানে নতুন ভোটার মাত্র একজন। তবে একই জেলার মধ্যে সম্পূর্ণ ভিন্ন চিত্রও দেখা গেছে। নতুন ভোটারের সংখ্যায় এগিয়ে রয়েছে বিধাননগর বিধানসভা কেন্দ্র, যেখানে ৩ হাজার ৩৯৮ জন নতুন ভোটার নাম নথিভুক্ত করেছেন। এর পরেই রয়েছে রাজারহাট নিউটাউন, যেখানে নতুন ভোটারের সংখ্যা ২ হাজার ৫৪৩।

অর্থাৎ একই জেলার মধ্যে কোথাও নতুন ভোটারের আবেদন একেবারেই নেই, আবার কোথাও কয়েক হাজার। এই পরিসংখ্যান শুধু বৈপরীত্যই নয়, বড় প্রশ্নও তুলছে। সাধারণত নতুন ভোটারদের বড় অংশই তরুণ প্রজন্মের। সেই প্রেক্ষিতে একাধিক কেন্দ্রে নতুন ভোটারের আবেদন শূন্য থাকা কি শুধুই প্রশাসনিক বা প্রক্রিয়াগত সমস্যা, নাকি এর মধ্যে বড় কোনও সামাজিক প্রবণতা লুকিয়ে রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

Advertisement

তাহলে কি নতুন প্রজন্মের একাংশ ভোটাধিকার প্রয়োগের প্রতি আগ্রহ হারাচ্ছে? নাকি সচেতনতার অভাব, প্রচারের ঘাটতি বা আবেদন প্রক্রিয়া নিয়ে বিভ্রান্তিই এর কারণ? এই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়।

জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটাধিকার নাগরিক অংশগ্রহণের অন্যতম প্রধান ভিত্তি। সেখানে নতুন প্রজন্মের অংশগ্রহণ কম হলে তা অবশ্যই উদ্বেগের বিষয়। তাঁর কথায়, নতুন ভোটার হওয়ার বিষয়ে এলাকায় প্রচার চালানো হয়েছিল। তবুও এই পরিস্থিতি কেন তৈরি হল, তা এখনও স্পষ্ট নয়।
 

 

POST A COMMENT
Advertisement