রাজ্যপাল সি ভি আনন্দ বোসের হাতেখড়িGovernor CV Ananda Bose Hatekhori: কথামতো সরস্বতী পুজোর দিনই বাংলায় হাতেখড়ি হয়ে গেল রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (Governor CV Ananda Bose)। আনুষ্ঠানিকভাবে বাংলা (Bangla) লেখা ও বলা শুরু করলেন রাজ্যপাল। তাঁর হাতে বর্ণপরিচয় তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। স্লেটে বাংলা অক্ষর লিখে শুরু করেন অক্ষরজ্ঞান। 'মা' ও 'ভূমি' শব্দের উচ্চারণ করে শিখলেন বাংলা। বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালের প্রতীকী হাতেখড়ি অনুষ্ঠান অনুষ্ঠিত হল সাড়ম্বরে।
রাজ্যপালের হাতেখড়ি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পুলিশ কমিশনার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুষ্ঠানে না গেলেও, উপস্থিত ছিলেন তথাগত রায়।
এদিন সকলের উপস্থিতিতে মালায়ালি ভাষায় রাজ্যপালকে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী। মালায়ালি ভাষা শেখার ইচ্ছাপ্রকাশও করেন তিনি।
রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ‘হাতেখড়ি’ অনুষ্ঠানে থাকবেন না শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), একথা জানিয়ে দেন তিনি। বৃহস্পতিবার সরস্বতী পুজোর দুপুরে বিরোধী দলনেতা নিজেই ট্যুইট করে সে কথা জানান। কেন তিনি রাজভবনে যাচ্ছেন না, তা জানিয়ে বলেন, রাজ্যপালকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চাইছে রাজ্য সরকার। টাকার বিনিময়ে চাকরি দেওয়ার ইস্যু চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। শিক্ষা দফতরে দুর্নীতি অভিযোগ নিয়ে যখন চাপান-উতোর চলছে, টাকার বিনিময়ে শিক্ষকের চাকরিতে নিয়োগ হচ্ছে, তখন এই সমস্ত অনুষ্ঠান করে সবার নজর ঘোরানোর চেষ্টা করছে রাজ্য সরকার।
দিলীপ ঘোষ এদিন বলেন, 'প্রথমেই ভুল মাস্টারের কাছে হাতেখড়ি হলে, ভুলই শিখবেন।' সর্বোপরি রাজ্যপালের বাংলায় হাতেখড়ি ঘিরে প্রবল রাজনৈতিক চাপানউতোর দেখা গেছে দিনকয়েক ধরেই। এলেন না সুকান্ত মজুমদারও।