শান্তিনিকেতনে গুলিফের অশান্ত বোলপুর-শান্তিনিকেতন। এবার এক অভিযুক্তকে ধরতে গিয়ে গুলিতে জখম হলেন এক পুলিশ কনস্টেবল। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে। শান্তিনিকেতন থানার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
যতদূর খবর, আহত পুলিশকর্মীর নাম বিশ্বজিৎ দাস। তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে গুলি চালিয়ে পালিয়ে যায় অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার এক অভিযুক্তের খোঁজে তার বাড়িতে যান পুলিশকর্মীরা। বাড়ির সামনে গিয়ে তার নাম ধরে ডাকা হয়। সেই সময় আচমকাই বাড়ি থেকে বেরিয়ে গুলি চালায় অভিযুক্ত। গুলি লাগে শান্তিনিকেতন থানার কনস্টেবল বিশ্বজিৎ দাসের পায়ে। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, অভিযুক্তের খোঁজ মেলেনি। তবে তাকে ধরার চেষ্টা চলছে। সেই মতো শুরু হয়েছে তল্লাশি।
এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, শুধু রাজনৈতিক নেতা নন, সাধারণ মানুষ এবং পর্যটকদের নিরাপত্তাও বারবার প্রশ্নের মুখে পড়ছে।
প্রায় দেড় মাস আগে বোলপুর শহরে প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছিল এক বিজেপি নেতাকে। এবার গুলির মুখে পড়লেন খোদ পুলিশকর্মী।
বোলপুরের মতো গুরুত্বপূর্ণ শহরে এমন ঘটনা কেন ঘটছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, শান্তিনিকেতন ও বোলপুর, এই দুই থানার অধীনে গোটা শহরের আইনশৃঙ্খলা দেখার দায়িত্ব রয়েছে। বোলপুরেই থাকেন এসডিপিও এবং অ্যাডিশনাল এসপি-র মতো পদে থাকা আধিকারিকরা। তারপরও এই ধরনের ঘটনা ঘটছে।
প্রসঙ্গত, শান্তিনিকেতন ও বোলপুরে সারা বছরই দেশ-বিদেশের বহু পর্যটক আসেন। বিদেশি নাগরিকদেরও যাতায়াত রয়েছে। তাঁদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।