
উত্তরবঙ্গের রেল যোগাযোগে বড় পরিবর্তন আনতে চলেছে নতুন একটি ট্রেন পরিষেবা। এতদিন হলদিবাড়ি বা জলপাইগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুরে সরাসরি কোনও ট্রেন ছিল না। যাত্রীদের আগে শিলিগুড়ি গিয়ে সেখান থেকে বালুরঘাটের ট্রেন ধরতে হত। সেই সমস্যার অবসান ঘটিয়ে এবার বাংলাদেশ সীমান্ত সংলগ্ন হলদিবাড়ি থেকে সরাসরি বালুরঘাটগামী ট্রেন চালু হতে চলেছে।
রেলবোর্ড ইতিমধ্যেই এই পরিষেবার অনুমোদন দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১০ মার্চ থেকে ট্রেনটি চালু হতে পারে। প্রতিদিন ভোর ৫টায় হলদিবাড়ি থেকে ট্রেনটি ছাড়বে এবং দুপুর ৩টা ১০ মিনিটে বালুরঘাটে পৌঁছবে। এর ফলে হলদিবাড়ির আলু, টম্যাটো, লঙ্কা সহ বিভিন্ন সবজি সহজেই দক্ষিণ দিনাজপুরে পৌঁছে দেওয়া যাবে। একইসঙ্গে গঙ্গারামপুরের বিখ্যাত ক্ষীরের দই কিংবা বালুরঘাটের ডালের বড়িও জলপাইগুড়িতে এনে বিক্রি করতে পারবেন ছোট ব্যবসায়ীরা।
এই ট্রেন পরিষেবা চিকিৎসার জন্য যাতায়াতকারী মানুষদেরও বিশেষ সুবিধা দেবে। হলদিবাড়ি থেকে অনেকেই নিয়মিত জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য আসেন। বর্তমানে একটি লোকাল ট্রেন থাকলেও তা সকাল ৮টার দিকে জলপাইগুড়িতে পৌঁছায়। নতুন ট্রেন চালু হলে ভোর সাড়ে ৫টার মধ্যেই জলপাইগুড়িতে পৌঁছনো যাবে। ফলে আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগীরা অনেক আগে পৌঁছে ডাক্তার দেখাতে পারবেন। এছাড়া উত্তরবঙ্গ মেডিক্যালে যেতে চাইলে এই ট্রেনেই এক ঘণ্টার মধ্যে এনজেপি বা শিলিগুড়ি জংশনে পৌঁছে যাওয়া সম্ভব হবে।
এছাড়াও হলদিবাড়ি থেকে কোচবিহারের বামনহাট পর্যন্ত আরও একটি ট্রেন চালু হওয়ার কথা রয়েছে। সেটি প্রতিদিন ভোর সাড়ে ৪টায় হলদিবাড়ি থেকে ছাড়বে। মাত্র আধ ঘণ্টার ব্যবধানে দুটি ট্রেন চালু হওয়ায় হলদিবাড়ি ও জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে চাকরি বা ব্যবসার কাজে যাতায়াতকারী নিত্যযাত্রীদের যথেষ্ট সুবিধা হবে। বামনহাটগামী ট্রেনটি শিলিগুড়ি, সেভক ও নিউ মাল হয়ে ডুয়ার্সের পথ ধরে আলিপুরদুয়ার ও নিউ কোচবিহার হয়ে বামনহাটে পৌঁছবে। এতদিন জলপাইগুড়ি থেকে সেভক যাওয়ার সরাসরি ট্রেন না থাকলেও এবার সেই সুযোগও তৈরি হচ্ছে।
শুক্রবার জলপাইগুড়ি স্টেশন পরিদর্শনে এসে উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম কীরেন্দ্র নারা জানান, রেলবোর্ডের অনুমোদন পাওয়া গেছে। সাংসদ সময় দিলে আনুষ্ঠানিক উদ্বোধনের পরই ট্রেন দুটি চালু হবে। যদিও নির্দিষ্ট দিন ঘোষণা না করলেও জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় জানিয়েছেন, খুব শিগগিরই ট্রেন দু’টি চালু হবে।