ভোটের ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, কত ডিগ্রি সর্বোচ্চ?

গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়ে গিয়েছে। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৪১.৯ ডিগ্রিতে। পুরুলিয়া, আসানসোল, পানাগড় ও কলাইকুণ্ডাতেও তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে বা তার বেশি রেকর্ড হয়েছে।

Advertisement
ভোটের ৩ জেলায় তাপপ্রবাহের সতর্কতা, কত ডিগ্রি সর্বোচ্চ?ফাইল ছবি
হাইলাইটস
  • ভোটের দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরমের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।
  • বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ার কিছু এলাকায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।

ভোটের দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ ও অস্বস্তিকর গরমের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। বিশেষ করে পশ্চিম বর্ধমান, বীরভূম ও বাঁকুড়ার কিছু এলাকায় তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানানো হয়েছে। এই তিন জেলার বেশিরভাগ অংশেই আজ ভোটগ্রহণ চলছে, ফলে ভোটারদের জন্য বাড়তি সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়াও পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান জেলায় ‘হট অ্যান্ড হিউমিড’ বা উষ্ণ-আর্দ্র আবহাওয়া থাকবে। এর মধ্যে পূর্ব বর্ধমান বাদে বাকি জেলাগুলিতে আজ ভোট হচ্ছে। একই সঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু এলাকায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

উত্তরবঙ্গেও ভোটগ্রহণ চলছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেখানে তুলনামূলকভাবে তাপমাত্রা কিছুটা কম থাকলেও মালদহ, রায়গঞ্জ ও বালুরঘাটের মতো জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির উপরে ঘোরাফেরা করছে। মালদহে ইতিমধ্যেই তাপমাত্রা ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে।

গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির গণ্ডি পেরিয়ে গিয়েছে। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৪১.৯ ডিগ্রিতে। পুরুলিয়া, আসানসোল, পানাগড় ও কলাইকুণ্ডাতেও তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে বা তার বেশি রেকর্ড হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা শুষ্ক ও গরম হাওয়ার প্রভাবেই এই তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের বিস্তীর্ণ অঞ্চলে আগামী চার-পাঁচ দিন এই পরিস্থিতি বজায় থাকতে পারে।

তবে কিছুটা স্বস্তির ইঙ্গিতও মিলছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শুক্রবারও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে।

যদিও ২৯ এপ্রিলের ভোটের দিনে আবহাওয়ার পরিস্থিতি ঠিক কেমন থাকবে, তা নিয়ে এখনও স্পষ্ট পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। ফলে আপাতত গরম ও সম্ভাব্য ঝড়, দুইয়ের মাঝেই ভোটের প্রস্তুতি চলছে বাংলায়।

Advertisement

 

POST A COMMENT
Advertisement