আদিনাথের রুদ্রাভিষেক হবে আজ মালদার আদিনা মসজিদ না আদিনাথ মন্দির? এই বিতর্কের মধ্যেই সেখানে সেই মসজিদের কাছে ৫০ মিটারের মধ্যে শিবের মূর্তি বসাতে চলেছে বঙ্গীয় হিন্দু সুরক্ষা সমিতি। সেখানে রুদ্রাভিষেকও করা হবে।
২০ জুলাই তারকেশ্বর থেকে এই শোভাযাত্রার সূচনা হয়। আদিনাথকে নিয়ে বিভিন্ন জায়গায় বিশ্রাম নিয়ে রবিবার মালদা পৌঁছয় এই শোভাযাত্রা। তারপর আজ, সোমবার সেখানে পুজোপাঠ হবে। উদ্যোক্তারা জানান, আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। মালদায় শিবলিঙ্গ প্রতিষ্ঠাকে ঘিরে উৎসবের আবহ তৈরি হয়েছে। নানা প্রান্ত থেকে ভক্তরা এখানে আসতে শুরু করেছেন।
ঐতিহাসিক সূত্র অনুযায়ী, ১৩৭৩ সালে সুলতান সিকন্দর শাহ আদিনা মসজিদ নির্মাণ করেন। তবে এই স্থাপত্যকে ঘিরে বিতর্ক নতুন নয়। রাজ্যে সরকার পরিবর্তনের আগে থেকেই হিন্দু পক্ষ দাবি তোলে স্থাপত্যের বিভিন্ন অংশে শিব বা আদিনাথ এবং হিন্দু দেবদেবীর অস্তিত্বের চিহ্ন রয়েছে। তাঁদের বক্তব্য, আদিনা মসজিদ যে স্থানে রয়েছে, সেটি মূলত প্রাচীন আদিনাথ শিবমন্দিরের ওপর নির্মিত। এই দাবি নিয়ে আদালতে মামলাও বিচারাধীন।
এই পরিস্থিতিতে আদিনা মসজিদের ৫০ মিটারের মধ্যে আদিনাথের রুদ্রাভিষেকের আয়োজন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠান উপলক্ষ্যে গোটা এলাকা সাজিয়ে তোলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মালদহ শহর ও সংলগ্ন এলাকায় কড়া পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বঙ্গীয় হিন্দু সুরক্ষা সমিতির তরফে দাবি করা হয়েছে, আদালতে মামলা বিচারাধীন রয়েছে। অযোধ্যার রাম মন্দিরের মতোই আদিনাতেও আদিনাথের মূর্তি প্রতিষ্ঠা করা হবে। কারণ, সেখানে মন্দিরই ছিল। আদালতেও তা প্রমাণ হয়ে যাবে।
এক উদ্যোক্তা জানান, আদিনাথের মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানে তাঁরা ভালো সাড়া পেয়েছেন। তাঁর কথায়, 'প্রায় ৮০০ বছর ধরে আদিনাথকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। বাইরের শক্তি এসে তা করেছে। রামলালাকে যেভাবে প্রতিষ্ঠা করা হয়েছে, সেভাবে এখানে আদিনাথকেও প্রতিষ্ঠা করা হবে।'