শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আজ কলকাতায় আসছেন অমিত শাহশ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বিকেল ৪টেয় কলকাতা পৌঁছবেন শাহ। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুটের মূর্তির ভূমিপুজোতেও থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি বসছে
বিজেপি ক্ষমতায় আসার পরে পশ্চিমবঙ্গজুড়ে বেশ ধুমধাম করেই পালন করা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। বিজেপি-র আদি সংগঠন জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা তিনি। বিখ্যাত ব্যারিস্টার ও শিক্ষাবিদ। ভারতের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রীও। বাঙালির মনে শ্যামাপ্রসাদের চিরস্থায়ী বন্দোবস্ত করতে তত্পর বিজেপি। বিমানবন্দ থেকে শাহ সরাসরি যাবেন ভবানীপুরে শ্যামাপ্রসাদের বাড়িতে। সেখানে শ্রদ্ধা জানিয়ে তিনি যাবেন ইকো পার্কে। সেখানে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তির শিলান্যাস করবেন। তারপর মিলন মেলায় ভাষণ দেবেন। আজই দিল্লি রওনা হবেন শাহ।
পশ্চিমবঙ্গকে আলাদা করে ভারতে অন্তর্ভুক্তির কারিগর
১৯৪৭ সালে ২০ জুন পশ্চিমবঙ্গকে আলাদা করে ভারতের অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত পাশ হয়েছিল বাংলার প্রাদেশিক আইনসভায়। তার নেপথ্যে অন্যতম উল্লেখযোগ্য ভূমিকা ছিল শ্যামাপ্রসাদের। সেই কারণে ২০ জুনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করছে বিজেপি সরকার। একই সঙ্গে রাজ্য সরকার যে নতুন প্রজন্মকে পশ্চিমবঙ্গের ইতিহাসে শ্যামাপ্রসাদের ভূমিকা মনে করিয়ে দিতে চাইছে, সেই ইঙ্গিত দিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ও। তিনি বলেন, 'এ বার আর শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। আসল ইতিহাসটা সকলের জানা প্রয়োজন। আর মানুষও সেটা শুনতে চাইছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শিতা না থাকলে আজ হয়তো পশ্চিমবঙ্গ পাকিস্তানের অন্তর্ভুক্ত হত।'
শ্যামাপ্রসাদ ও গোপালের মূর্তি ভাঙচুর
অন্যদিকে শ্যামাপ্রসাদের জন্মদিনের ঠিক আগের দিন একটি অপ্রীতিকর ঘটনাও ঘটেছে কলকাতায়। ভারতীয় জনতা যুব মোর্চার উদ্য়োগে কলকাতার সুকিয়া স্ট্রিটে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও গোপাল মুখোপাধ্য়ায়ের ২টি মূর্তি বসানো হয়েছিল । কথা ছিল আজ অর্থাৎ ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তা উদ্বোধন করা হবে । কিন্তু অভিযোগ তার আগেই রবিবার গভীর রাতে মূর্তি ২টির বেদিতে ভাঙচুর চালানো হয় । ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় মূর্তির ফলকও। যদিও মূর্তি ২টি অক্ষত অবস্থায় রয়েছে বলে জানা গিয়েছে।