বম্ব স্কোয়াড, স্নিফার ডগ এবং মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি শুরু হয়। ফের বোমাতঙ্ক। পরপর তৃতীয় দিন হুমকি ই-মেল ঘিরে চাঞ্চল্য। শুক্রবার সকালে হাওড়া মেন পোস্ট অফিস এবং জেলাশাসকের দফতরে আরডিএক্স দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি আসে বলে প্রশাসন সূত্রে খবর। ই-মেলে দাবি করা হয়, দুপুর ১২টা ১০ মিনিটে বিস্ফোরণ ঘটানো হবে। তার আগেই অফিস খালি করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল ওই মেলে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় কর্মী ও সাধারণ মানুষের মধ্যে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ১১টা নাগাদ হাওড়া মেন পোস্ট অফিসের সরকারি ই-মেলে হুমকির বার্তা আসে। সেখানে লেখা ছিল, নির্দিষ্ট সময়ে আরডিএক্স বিস্ফোরণ ঘটানো হবে। হুমকি পাওয়ার পরই তড়িঘড়ি পোস্ট অফিস চত্বর খালি করে দেওয়া হয়। কর্মী ও গ্রাহকদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়।
হাওড়া মেন পোস্ট অফিসের সুপারভাইজার সুব্রত দাস জানান, 'সকাল ১১টা নাগাদ মেলটি আসে। তাতে দুপুর ১২টা ১০ মিনিটে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা সঙ্গে সঙ্গে দফতর খালি করে দিই এবং পুলিশকে খবর দিই।'
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় হাওড়া সিটি পুলিশের একাধিক টিম। বম্ব স্কোয়াড, স্নিফার ডগ এবং মেটাল ডিটেক্টর নিয়ে তল্লাশি শুরু হয়। পোস্ট অফিসের মেন গেট বন্ধ করে পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। প্রতিটি ঘর, কাউন্টার, পার্সেল বিভাগ এবং পার্কিং এলাকা খুঁটিয়ে দেখা হয়।
হাওড়া জেলা শাসকের দফতরেও অনুরূপ হুমকি ই-মেল আসে বলে জানা গিয়েছে। সেখানেও প্রশাসনিক কর্মীদের বাইরে বের করে দেওয়া হয়। জেলা প্রশাসন সূত্রে খবর, পুলিশ ও বম্ব স্কোয়াড যৌথভাবে দফতরের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছে। এখন পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি বলে প্রাথমিক ভাবে জানানো হয়েছে।
গত তিন দিনে এ নিয়ে তৃতীয় বার এমন হুমকি ঘিরে উদ্বেগ বেড়েছে। পরশু আদালত চত্বরে বোমা আতঙ্ক ছড়িয়েছিল। তার পরদিন বিভিন্ন পোস্ট অফিসে বিস্ফোরণের হুমকি মেল আসে। শুক্রবার ফের একই ধরনের হুমকিতে বাড়ছে আতঙ্ক।
পোস্ট অফিসের এক কর্মী বলেন, 'প্রাণের ভয় তো থাকেই। হঠাৎ করে অফিস খালি করতে বলা হলে আতঙ্ক তৈরি হয়।' যদিও পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আতঙ্কের কোনও কারণ নেই।
পুলিশের তরফে জানানো হয়েছে, হুমকি ই-মেলের উৎস খতিয়ে দেখা হচ্ছে। সাইবার সেলের সাহায্যে ই-মেলের আইপি ট্র্যাক করার চেষ্টা চলছে। প্রাথমিক ভাবে এটি 'মিসচিফ' নাকি বড় কোনও ষড়যন্ত্র; সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে হাওড়া জুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। তবে এই ধারাবাহিক হুমকিতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলেই মনে করছে প্রশাসন।