নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন মমতার 'নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করব।' আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে রেজিনগর নিয়ে তিনি এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে দাবি করলেন।
এদিন মমতা জানান, ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতে হবে। সেই কারণেই তিনি কংগ্রেসকে নন্দীগ্রামে সমর্থন করলেন। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী দাবি করেন, রাহুল গান্ধী তাঁকে ফোন করেছিলেন। অরবিন্দ কেজরিওয়ালও ট্যুইট করেছেন।
আসলে নন্দীগ্রামে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী পদ প্রত্যাহার করে নিয়েছেন সঞ্চিতা দে প্রধান। ঠিক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে নবান্নে সাক্ষাতের পরেই প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন সঞ্চিতা। তারপরই সাংবাদিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই জানালেন যে নন্দীগ্রামে তাঁর দল কংগ্রেসকে সমর্থন করবেন।
নন্দীগ্রামে প্রার্থীপদ প্রত্যাহারের ফলে এ দিন মহা বিপাকে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রার্থীই নেই। এমন পরিস্থিতিতে কংগ্রেসকেই নন্দীগ্রামে সাহায্য করবেন বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি আরও বলেন, 'আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে কংগ্রেসকে সমর্থন করব। ইন্ডিয়া জোটকে শক্তিশালী করব। বৃহত্তর জোটকে শক্তিশালী করাই এখন লক্ষ্য।'
আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে আক্রমণ করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের উপরও ক্ষোভ উগড়ে দেন। এই বৈঠক থেকেই তিনি বলেন, 'সারা দেশে ঝড় উঠেছে। দেশ উত্তাল হয়ে গিয়েছে। বাংলাই পথ দেখাবে।'
কারা আসল তৃণমূল?
এই প্রসঙ্গে মমতা বলেন, 'কারা আসল তৃণমূল আর কারা নকল, যারা টাকা কামিয়েছে এবং বিভিন্ন কেলেঙ্কারি থেকে ক্লিনচিট পেয়েছে, তা প্রমাণ হয়ে গিয়েছে।' এরপর আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে মমতা বলেন, 'যাঁরা চার মাস আগে এই প্রতীকে জিতেছিলেন, তাঁরা কীভাবে এই প্রতীকের বিরুদ্ধে দাঁড়াতে পারেন?'
কার কোন লোগো ও নাম?
ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস নামটি আপাতত ফ্রিজ করেছে নির্বাচন কমিশন। ফ্রিজ করা হয়েছে জোড়াফুল লোগোও।এমন পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের জন্য নতুন নাম এবং প্রতীক ঠিক করে দিল নির্বাচন কমিশন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের নতুন নাম গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। তাদের প্রতীক হল খাম। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের নাম হল মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। তাদের সিম্বল হল ফুটবল প্লেয়ার। এই দুই দল এই নাম এবং প্রতীক নিয়েই রেজিনগর এবং নন্দীগ্রামে আসন্ন বিধানসভা উপনির্বাচন লড়বে।