বঙ্গোপসাগরে নিম্নচাপ, কোন পথে এগোবে?এক দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপের ঘূর্ণাবর্ত। অন্য দিকে হিমালয়ের মাথায় পশ্চিমী ঝঞ্ঝা। দু'দিকের জোড়া প্রভাবে বদলাতে পারে আবহাওয়া। সপ্তাহের শুরুতেই এমনই পূর্বাভাস দিল India Meteorological Department (IMD)। দক্ষিণ ভারত থেকে উত্তর-পশ্চিম, এমনকি আন্দামান-নিকোবর; একাধিক রাজ্যে বৃষ্টি, বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়া ও তুষারপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ, কোন পথে এগোবে?
IMD জানিয়েছে, ১৬ ফেব্রুয়ারি পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে। উপরের স্তরে ঘূর্ণাবর্তের প্রভাবে এই সিস্টেমটি তৈরি হয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যে এটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, নিম্নচাপটি ক্রমশ শক্তিশালী হলে সপ্তাহের শেষের দিকে দক্ষিণ ভারত ও উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণ তামিলনাড়ু ও কেরল উপকূলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। 
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, কোথায় তুষারপাত?
অন্যদিকে দিকে উত্তর-পশ্চিম আফগানিস্তান ও সংলগ্ন অঞ্চলে একটি পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। তার প্রভাবে হিমালয় সংলগ্ন রাজ্যগুলিতে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। IMD জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি হিমাচল প্রদেশে বিচ্ছিন্ন তুষারপাত হতে পারে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি উত্তরাখণ্ডেও তুষারপাত ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পাশাপাশি পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও রাজস্থানে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ ফেব্রুয়ারি মধ্যপ্রদেশেও বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
আন্দামান-নিকোবরে জারি অ্যালার্ট
১৬ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে IMD। সমুদ্রে যাতায়াতে সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য।
তাপমাত্রার বদল
উত্তর-পশ্চিম ভারতে আগামী দু’দিনে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তার পরের দু’দিনে একই পরিমাণ হ্রাসের সম্ভাবনা। মধ্য ভারতে ধীরে ধীরে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে প্রথমে তেমন পরিবর্তন না হলেও সপ্তাহের শেষে সামান্য উষ্ণতা বাড়ার ইঙ্গিত।
দিনের তাপমাত্রা উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায় স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি বেশি থাকতে পারে। গুজরাত, মহারাষ্ট্র ও কর্নাটকেও সপ্তাহ জুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা বজায় থাকতে পারে।
দুটি আলাদা আবহাওয়াজনিত সিস্টেমের যুগপৎ প্রভাবে দেশের বিভিন্ন প্রান্তে আবহাওয়ার বৈচিত্র্য বাড়তে চলেছে। কোথাও তুষারপাত, কোথাও বজ্রঝড়, কোথাও বা ভারী বৃষ্টি; ফেব্রুয়ারির মাঝামাঝি এমন রূপবদল নজিরবিহীন না হলেও তাৎপর্যপূর্ণ। IMD জানিয়েছে, নিম্নচাপের গতিপথ ও পশ্চিমী ঝঞ্ঝার অগ্রগতিতে নজর রাখা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী সতর্কবার্তা জারি করা হবে।